মারধর ও হুমকির অভিযোগে গোগা ইউপি চেয়ারম্যানসহ চার জনের নামে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমানসহ চার জনের বিরুদ্ধে মারধর ও হত্যার হুমকির অভিযোগে রবিবার (৩০ এপ্রিল) আদালতে মামলা হয়েছে। শার্শা উপজেলা বসতপুর গ্রামের আহছান উল্লাহর ছেলে রায়হান হোসেন রিপন মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
ইউপি চেয়ারম্যান তবিবর রহমান ছাড়া মামলার অপর আসামিরা হলেন, শার্শা উপজেলার অগ্রভুলট গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে আব্দুল গনি এবং গোগা গ্রামের আব্দুস সামাদ ও তার ছেলে মনির হোসেন।
রায়হান হোসেন রিপন মামলায় উল্লেখ করেছেন, গত ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে তিনি বন্ধুসহ প্রাইভেটকারে করে বেনাপোল হতে বাগআঁচড়ায় যাচ্ছিলেন। পথে বারিপোতা বাজারে পৌঁছালে আসামিদের মধ্যে আব্দুল গনি মোটরসাইকেল দিয়ে ইচ্ছেকৃতভাবে প্রাইভেটকারে ধাক্কা মারেন। এ বিষয়টি নিয়ে রায়হান হোসেন রিপন এবং উল্লিখিত আসামিদের মধ্যে বাকবিতণ্ডা হয়। আসামিরা রায়হান হোসেন রিপনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনার রায়হান হোসেন রিপন ও তার বন্ধুরা প্রাইভেটকারে করে গোগা বাজারে যান। এ সময় আসামি আব্দুল গনি, আব্দুস সামাদ ও মনির হোসেন ধারালো অস্ত্র ও রড নিয়ে তাদের ওপর চড়াও হন। তারা রায়হান হোসেন রিপন ও তার বন্ধুদের ধরে বাজারের জনৈক সোহাগের চায়ের দোকানে নিয়ে যান এবং মারধর করেন। এরই এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য বক্তিরা সেখানে গিয়ে রায়হান হোসেন রিপনদের উদ্ধার করেন। পরবর্তীতে গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমান বিষয়টি মীমাংসা করে উল্টো গত ২৬ এপ্রিল সন্ধ্যায় রায়হান হোসেন রিপন ও তার বন্ধুদের মোবাইল ফোন করে হত্যার হুমকি দেন। উল্লেখ্য, আসামি আব্দুল গনি ও মনির হোসেন সম্পর্কে ইউপি চেয়ারম্যান তবিবর রহমানের জামাই এবং জামাইয়ের বন্ধু বলে মামলায় উল্লেখ করা হয়েছে।