মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

0

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের সাইত্রিশ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম আবুল কাশেম (৪৫)। তিনি সদরের হাজরাপুর গ্রামের আকবর মোল্যার ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে চারটার দিকে মাগুরা থেকে ঝিনাইদহ যাওয়ার সময় জনতা পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সবজি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস ও ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।