জমি নিয়ে বিরোধের জেরে ঘটনা, সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না: পুলিশ

0
রাজধানীর ইসিবি চত্বরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। স্টুডিওটি মূল টার্গেট ছিল না বলে জানিয়েছে ডিএমপি।। ছবি: সংগৃহীত

পপুলার কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এবং রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি। তবে প্রাথমিক অনুসন্ধানে পুলিশ স্পষ্ট করেছে যে, সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য বা টার্গেট করে এই হামলা চালানো হয়নি এবং এখানে কোনো চাঁদাবাজির ঘটনাও ঘটেনি।

ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড’-এর সঙ্গে পাশের জমির মালিকের জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল।

সেই বিরোধের জের ধরেই মূলত হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাবশত একই স্থানে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন নিউ গিনি প্রপার্টিজের ভবনে অবস্থিত নিজ স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ তোলেন সালমান মুক্তাদির। ওই রাতেই তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষতিগ্রস্ত স্টুডিওর ভিডিও পোস্ট করেন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্টুডিওর ভেতরের বিভিন্ন কক্ষে ঢুকে আসবাবপত্র ও মালামাল তছনছ করা হয়েছে। চেয়ার, টেবিল ও টেলিভিশনসহ আধুনিক প্রযুক্তির নানা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে।

দৃশ্যটিতে সালমানের কয়েকজন কর্মীকে কান্নাকাটি করতেও দেখা যায়। ভিডিওতে সালমান মুক্তাদির নিজেই ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছুক্ষণ আগেই পুরো স্টুডিওতে হামলা চালানো হয়েছে এবং তাঁদের সব সরঞ্জাম ধ্বংস করে দেওয়া হয়েছে।