জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার সকালে দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয় ।। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব হাসান শিপলুর বরাতে বাসস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি দূরপাল্লার ফ্লাইট স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নির্ধারিত যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

প্রেস উইং সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সার্বিক অংশ নেন। জাতিসংঘ অধিবেশনে তিনি এবারই প্রথমবারের মতো ভাষণ প্রদান করেন।

এই জাতিসংঘ সফরকালে প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের মূল অধিবেশনের বাইরে বিভিন্ন পর্যায়ে প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আন্তর্জাতিক বৈঠক, দ্বিপক্ষীয় সভা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।