কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আবারও আটক ২৫৪

0
কুমিল্লায় কিশোর গ্যাং সদস্য সন্দেহে জেলা জুড়ে অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ১৮টি থানায় ৬ ঘণ্টার অভিযানে তাদের আটক করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জেলা পুলিশ আবারও বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮টি থানা এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ২৫৪ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সরাসরি নির্দেশে জেলার কিশোর গ্যাংবিরোধী নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা ধরে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এই অভিযান চালায়। কুমিল্লা নগরীর বিভিন্ন অলিগলি, পার্ক, খেলার মাঠ ও ১৮টি থানা এলাকার যেসব স্থানে বখাটেদের আড্ডা ও উৎপাত বেশি ছিল, সেসব চিহ্নিত স্থান লক্ষ্য করে পুলিশি দল একযোগে ঘিরে ফেলে। অভিযানে জেলা পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা সশরীরে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, আটককৃত ২৫৪ জনের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ ও প্রাথমিক তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে যাদের বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উঠতি বয়সী কিশোর ও তরুণরা যাতে কোনো ধরনের অপরাধমূলক বা সমাজবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হতে না পারে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য, এর আগেও গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লায় একই ধরনের অভিযানে কিশোর গ্যাং সন্দেহে ৬২৪ জনকে আটক করেছিল জেলা পুলিশ। পরবর্তীতে তাদের তথ্য ও রেকর্ড যাচাই-বাছাই শেষে ১৭৩ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং অপরাধে সম্পৃক্ততা না পাওয়া বাকিদের অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কিশোর অপরাধ নির্মূলে কুমিল্লা জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।