মাগুরার মাসুদ শেখ হত্যা মামলার মূল আসামি র‌্যাবের হাতে আটক

0

স্টাফ রিপোর্টার ॥ মাগুরার শ্রীপুর উপজেলার কুশা ইছাপুর গ্রামের মাসুদ শেখ হত্যা মামলার মূল আসামি জামাল মোল্লাকে (৪৫) আটক করেছেন র‌্যাব সদস্যরা। বুধবার গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি কুশা ইছাপুর গ্রামের বাসিন্দা।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্র জানায়, কুশা ইছাপুর গ্রামের কাসেদ আলী শেখের ছেলে মাসুদ শেখের সাথে আসামি জামাল মোল্লার মাছ ধরাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিলো। এর জের ধরে গত ৭ জানুয়ারি রাতে প্রতিপক্ষরা ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা কাসেদ আলী শেখ শ্রীপুর থানায় একটি মামলা করেন। পরবর্তীতে র‌্যাব হত্যা মামলার আসামিদের আটকের জন্য অভিযান শুরু করে। এক পর্যায়ে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, হত্যা মামলার মূল আসামি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অবস্থান করছেন। এ খবর পেয়ে বুধবার গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসদু শেখ হত্যার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন জামাল মোল্লা। পরে তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।