মহম্মদপুরে থানা হাজতের রড বাঁকা করে পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

0

 

মহম্মদপুর (মাগুরা)সংবাদদাতা॥ মাগুরার মহম্মদপুর থানা হাজত থেকে পলাতক সাজাপ্রাপ্ত আসামি সোয়েব ওরফে সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১ টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহম্মদপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে চুরির মামলায় সোয়েবকে ছয় বছরের সশ্রম কারাদন্ড দেয় আদালত। রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন। রোববার রাতে সোয়েবকে আটক করা হয়। সোমবার সকালে মহম্মদপুর থানা হাজত গেটের রড বাঁকা করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় পুলিশ বিভাগে ব্যাপক তোলপাড় শুরু হয়। এ ঘটনায় মহম্মদপুর থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ শাহিন ও ডিউটিরত পুলিশ সদস্য মোহাম্মদ পাপ্পুকে সাময়িক বরখাস্ত করা হয়। সোয়েব উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের রোনগর গ্রামের মৃত সিদ্দিক মোল্যার ছেলে। তবে সিদ্দিক মোল্যা সোয়েবের পালক পিতা বলে জানা যায়।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম বলেন, এটা অনাকাঙ্কিত একটি ঘটনা। তবে পুলিশের একটি টিম পলাতক আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে।