মনিরামপুরে মাটি কেটে রাস্তা দখলের অভিযোগ,বৃদ্ধ রহিমার পরিবার অবরুদ্ধ

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ মনিরামপুরে রহিমা বেগম ২৩ বছর আগে জমি কিনে বাড়ি ও রাস্তা নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। অভিযোগ রয়েছে প্রতিপক্ষরা (পাশের জমি ওয়ালা) শুক্রবার সকালে ১০ টি চারাগাছ কেটে ফেলেন। চারাগাছ কাটার পর তারা মাটি কেটে রাস্তাটি দখল করেছেন। ফলে বাড়ি থেকে বের হবার রাস্তাটি হাতছাড়া হওয়ায় রহিমা বেগম ও তার পরিবার প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছেন।
উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের মৃত আবদুস সামাদ বিশ্বাসের স্ত্রী রহিমা বেগম(৮৫) জানান, ২০০০ সালে তিনি প্রতিবেশী চৌকিদার ওয়াজেদ আলীর স্ত্রী সুন্দরী বিবির কাছ থেকে ১০ শতক জমি ক্রয় করেন। হোগলাডাঙ্গা মাদ্রাসার দক্ষিনণ পাশের ওই জমিটি ক্রয় করেন তার বড় ছেলে হোমিও চিকিৎসক আবদুর রাজ্জাকের নামে। সেই থেকে ওই জমিতে বাড়ি ও রাস্তা নির্মাণ করে দুই ছেলে নিয়ে বসবাস করে আসছেন। ব্যক্তিগত জমির ওপর নির্মিত রাস্তার পাশে সম্প্রতি ১০টি লম্বুগাছের চারা রোপণ করেন তিনি।
কিন্তু অভিযোগ রয়েছে প্রতিবেশী আমজাদ হোসেনের ছেলে জাকির হোসেন ও জাহিদ হোসেন শুক্রবার সকালের দিকে লোকজন নিয়ে রাস্তার পাশ থেকে সব চারা কেটে ফেলেন। এ ছাড়াও তারা রাস্তা থেকে মাটি কেটে নেন। এ সময় রহিমা বেগম, ছেলে আবদুর রাজ্জাক ও আবদুল হাই বাধা দিলেও তারা কর্ণপাত করেনি। রহিমা বেগম ও তার বড় ছেলে আবদুর রাজ্জাক অভিযোগ করেন, বাধা দেওয়ায় তারা এখন জীবননাশসহ বিভিন্ন হুমকি দিচ্ছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর কবির লিটনের দ্বারস্থ হন। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি।
শুক্রবার দুপুরে সরজমিনে দেখা যায়, ১০টি চারা এবং মাটি কেটে রাস্তাটি দখল নেওয়া হয়েছে। এ সময় কথা হয় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হাসেম আলীর সাথে। তিনিসহ উপস্থিত অধিকাংশ লোকজন বলেন, আবদুর রাজ্জাকরা জমি কিনে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করেছেন ২০০০ সাল থেকে। তবে প্রতিপক্ষ জাকির হোসেন বলেন, রাস্তার পাশে গাছ লাগালে আমাদের ফসলের ক্ষতি হবে। সেজন্য কেটে নেওয়া হয়েছে। এছাড়াও রাস্তার ভেতর আমাদের জমি রয়েছে। তাই সামান্য মাটি কেটে নিয়েছি।
এ ব্যাপারে হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান আলমগীর কবির লিটন জানান, বিষয়টি নিয়ে দু পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ করা হলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।