মনিরামপুরে বাঁওড়ে শাপলা তুলতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে পারখাজুরা বাঁওড়ে নেমে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা বাঁওড়ে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো,হাজরাকাটি গ্রামের মফিজুর রহমানের ছেলে জিসান(১১) ও প্রতিবেশী অলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন(৭)। তারা দুজন দুঃসম্পর্কের চাচাতো ভাই-বোন। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাজরাকাটি মহিলা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক সৈয়দ আবুল কালাম আজাদ জানান, তারা দুজনই তাদের মাদ্রাসার ইবতেদায়ী শাখার শিক্ষার্থী ছিল। এর মধ্যে জিসান হোসেন চতুর্থ শ্রেণির ও ইয়াসমিন খাতুন প্রথম শ্রেণির শিক্ষার্থী।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ কামাল হোসেনসহ এলাকাবাসী জানায়, জিসান হোসেন ও ইয়াসমিন খাতুন শনিবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে পারখাজুরা বাঁওড়ে যায় শাপলা তুলতে। শাপলা তুলতে গিয়ে প্রথমে পানিতে ডুবে যায় ইয়াসমিন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জিসানও ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করে।

দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকয় শোকের ছায়া নেমে এসেছে।