মনিরামপুরে বর্ষিয়ান রাজনীতিক মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর)॥ মনিরামপুরের বর্ষিয়ান রাজনীতিক সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা এম এম নজরুল ইসলাম ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনা সিটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত নয়টায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বুধবার দুপুর দুইটায় মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গার্ড অব অনার প্রদান শেষে হাজারো মানুষের অংশগ্রহণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজায় ইমামতি করেন মাসনা মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াহিয়া। পরে হাজরাকাটি গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতামাতার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার আলাউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) হরেকৃঞ্চ অধিকারী, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাকে শ্রদ্ধা জানানো হয়। প্রসঙ্গত, এম এম নজরুল ইসলাম ছিলেন মনিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনিরামপুর সদর ইউনিয়ন পরিষদ থেকে তিনবার চেয়ারম্যান ও একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ, মনিরামপুর সম্মিলনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।