মনিরামপুরে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মণিরামপুর উপজেলার গালদা গ্রামে পারভীনা খাতুন (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে তার ভাসুরসহ অন্যরা মারপিট করার পর বিষ খাইয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত প্রধান আসামিকে আটক করেছে।
আটককৃত আহাদ আলী মৃতার প্রতিবেশী পারভীনা খাতুন গালদা গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী আজিজুর রহমানের স্ত্রী। মৃতার মাতা মাহাফুজা জানিয়েছেন, স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় পারভীনা খাতুনের কাছে। তার ভাসুর আলীম সরদার, শ্বাশুড়ি সিকিরণ নেছা ওই টাকা নেয়ার জন্য পারভীনার ওপর চাপ সৃষ্টি করে এবং শারীরিকভাবে নির্যাতন চালায়। গত শনিবার টাকা চেয়ে না পাওয়ায় ভাসুর আলীম সরদার তার স্ত্রীসহ অন্যরা পারভীনাকে বেধড়ক মারপিট করে। নির্যাতনে আহত পারভীনা খাতুনের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে জোরপূর্বক কীটনাশক খাইয়ে দেয়া হয়। মুমূর্ষু অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনার পর শনিবার রাতে পারভীনা খাতুন মারা যান। গতকাল লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক বাবলু কিশোর জানিয়েছেন, এটি স্বাভাবিক মৃত্যু না। ঝামেলা আছে। দু’সন্তানের জননী পারভীনা খাতুনের পিতা গৌরিপুরের শহিদুল ইসলাম নিজে বাদি হয়ে মামলা করেন। মনিরামপুর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন, হত্যার প্ররোচনায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।