দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন

0
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার ও সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী ।। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আগামী বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) রাষ্ট্রপতির কাছে তাঁর আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করবেন। ওই দিন সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি এই পরিচয়পত্র পেশ করবেন বলে আজ রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গতকাল শনিবার (২০ জুন) দুপুরে রাষ্ট্রাচারপ্রধান (চিফ অব প্রটোকল—সিপি) এ এফ এম জাহিদ উল ইসলামের দপ্তরে যান। সেখানে তিনি ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিজের লেটার অব ক্রিডেন্সের (রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র) অনুলিপি রাষ্ট্রাচারপ্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এই আনুষ্ঠানিকতা শেষ করে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে গত জানুয়ারি মাসে একইভাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বাংলাদেশে আসার পর পরিচয়পত্র পেশের পূর্বে রাষ্ট্রাচারপ্রধানের কাছে অনুলিপি জমা দিয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে ভারত সরকার তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় নিয়োগ দেয়। দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে ভারত এবারই প্রথম কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠাল। নতুন এই কূটনৈতিক দায়িত্বে যোগ দিতে দীনেশ ত্রিবেদী গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছান।