বেফাঁস মন্তব্যের জেরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যাহার

0
বিতর্কিত বক্তব্যের জেরে প্রত্যাহার হওয়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম।। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিতর্কিত ও বেফাঁস মন্তব্যের জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে আজ ২১ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে (হেডকোয়ার্টার্স) যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার (২০ জুন) পুলিশের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) রায়হান উদ্দিন খানের সই করা এক দাপ্তরিক চিঠিতে এই আদেশ জারি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার খুলনা নগরীর লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা। সেখানে দায়িত্ব পালনকালে দেওয়া তাঁর একটি বক্তব্যের ২৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্র বিতর্ক সৃষ্টি করে। ওই ভিডিওতে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বলতে শোনা যায়, ‘দারোগা বা ইন্সপেক্টরকে বলার পরও কোনো ইনফরমেশন যদি ফাঁস হয়, আমি মুসলমান হিসেবে কথা দিচ্ছি; ইন্সপেক্টরকে ঝুলায় দেবো, আপনারা পিটায় মারবেন। আপনারা গোপন তথ্য দেবেন, আল্লাহ ছাড়া কেউ জানলে আমি কথা দিচ্ছি গাছের সঙ্গে ঝুলাইয়া পিটাব।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তার মুখে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো এই বক্তব্যকে ‘বেফাঁস মন্তব্য’ হিসেবে দেখেছে সংশ্লিষ্ট উচ্চমহল ও পুলিশ প্রশাসন। এর পরিপ্রেক্ষিতেই পুলিশ সদর দপ্তরের আদেশে তাঁকে খুলনা মেট্রোপলিটন পুলিশ থেকে প্রত্যাহার করে ঢাকায় পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।