মালয়েশিয়ার পথে সস্ত্রীক প্রধানমন্ত্রী, সঙ্গে ৮ মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টা

0
প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক ও ৮ মন্ত্রী-উপদেষ্টাসহ দুই দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু ও কর্মী নিয়মিতকরণ বিশেষ গুরুত্ব পাবে।। ছবি: সংগৃহীত

মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২১ জুন, ২০২৬) দুপুর পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান এবং সরকারের ৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা রয়েছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিতব্য এই সফরে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে একটি একান্ত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা এবং দেশটিতে অবস্থানরত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের ওপর। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা সহযোগিতা এবং বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টির বিষয়গুলো আলোচনায় বিশেষ প্রাধান্য পাবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদার) রাশেদ আল মাহমুদ তিতুমির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সফরসঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। প্রতিনিধি দলে আরও রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে কুয়ালালামপুরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরকে কেন্দ্র করে বর্ণাঢ্য সাজে সেজেছে কুয়ালালামপুরের প্রধান প্রধান সড়ক। দুই দেশের সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শনস্বরূপ রাজপথের দুপাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা শোভা পাচ্ছে। মালয়েশিয়ার সফরসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২২ জুন) দুপুরের পর কুয়ালালামপুর থেকে চীনের বন্দরনগর দালিয়ানের উদ্দেশে রওনা হবেন এবং আগামী ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করবেন।