যশোর জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় যশোর সার্কিট হাউস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জরুরি প্রয়োজনে ঢাকায় অবস্থান করায় তার অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি।

সভায় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এইচ এম আহসান হাবিব, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হোসাইন শাফায়াত এবং জেলা বিএনপি সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলওয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল হাসান, অধ্যাপক ডা. মো. শরিফুল আলম খান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক এবং ড্যাব নেতা ডা. রফিকুল ইসলাম তুহিনসহ জেলা কমিটির সদস্যবৃন্দ।

সভায় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গভাবে চালু করার অগ্রগতি, সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও ওষুধ সরবরাহ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, জরুরি বিভাগের কার্যক্রম, পরিচ্ছন্নতা এবং হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন বিষয়গুলোও আলোচনায় স্থান পায়।

এ সময় বক্তারা হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি হাসপাতালের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সকলের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।