মনিরামপুরে পুলিশ দম্পতির বাড়িতে ডাকাতি

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ মনিরামপুরে পুলিশ দম্পতির গ্রামের বাড়িতে ডাকাতি হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাতে ডাকাতরা জানালার গ্রিল ভেঙে আম্রুঝুটা গ্রামে পুলিশ দম্পতির মায়ের ঘরে ঢোকে। লুটপাটে বাধা দেওয়ায় ডাকাতরা বৃদ্ধ মা গীতারানী(৭৭)কে পিটিয়ে জখম করে ১০ ভরি স্বর্নালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। শনিবার সকালে ঘর থেকে মাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, উপজেলার কুলটিয়া ইউনিয়নের আম্রুঝুটা গ্রামের মৃত ওয়াজিব চক্রবর্তীর দুই ছেলে চাকরির সুবাদে বাইরে থাকেন। ফলে বাড়িতে শুধুমাত্র অশীতিপর স্ত্রী গীতারানী(৭৭) একা বসবাস করেন। গীতা রানীর বড় ছেলে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ চক্রবর্তী সাতক্ষীরা কোর্টে এবং তার স্ত্রী এসআই(উপ পরিদর্শক) গঙ্গা অধিকারী ডিএসবিতে কর্মরত রয়েছেন।
বড় ছেলে পুলিশ সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী জানান, শুক্রবার দিবাগত রাতে ডাকাতরা জানালার গ্রিল ভেঙে তার মায়ের ঘরে ঢুকে লুটপাট শুরু করে। এ সময় চিৎকার করে বাধা দিলে ডাকাতরা তার মাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে রক্তাক্ত হয়ে তার মা অচেতন হয়ে পড়েন। পরে ডাকাতরা ১০ ভরি স্বর্নালঙ্কারসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। সকালের দিকে প্রতিবেশী সুদীপসহ অন্যরা গীতা রানীকে অচেতন অবস্থায় উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিশ্বজিৎ চক্রবর্তী আরও জানান, শনিবার সন্ধ্যায় তিনি তার মাকে মনিরামপুর থেকে উন্নত চিকিৎসার জন্য কর্মস্থল সাতক্ষীরায় নিয়ে যান। তিনি জানান, তার মা সুস্থ হলে এ ব্যাপারে থানায় মামলা করবেন। এদিকে ডাকাতির খবর পেয়ে নেহালপুর ফাঁড়ির এএস আই জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ডাকাতির বিষয়টি রহস্যজনক। তবে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।