মনিরামপুরে দ্বিতীয় স্ত্রীর আঘাতে বৃদ্ধ স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে লাঠি দিয়ে মাথায় আঘাত করে প্রতিবন্দী স্বামী আরিফুর রহমানকে (৮০) খুন করার। উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামে সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ছোট স্ত্রী শেফালী বেগমের(৫২) সাথে প্রতিবেশী এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে স্ত্রী লাঠি দিয়ে স্বামীর মাথায় কয়েকটি আঘাত করেন। এক পর্যায়ে স্বামীর মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে আরিফুরের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। হত্যাকান্ডের ঘটনায় পুলিশ নিহতের দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মদনপুর গ্রামের মৃত লাল চাঁদ গাজীর ছেলে আরিফুর রহমান ইতোপূর্বে একাধিক বিয়ে করেন। বড় স্ত্রীর মারা যাবার পর তিনি স্বামী পরিত্যক্তা শেফালী বেগমকে বিয়ে করেন। বড় স্ত্রীর রয়েছে দুই মেয়ে। তারেদেরকে বিয়ে দেওয়া হয়েছে। ছোট স্ত্রীর দুই ছেলে বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন।

অভিযোগ রয়েছে, ছোট স্ত্রী শেফালী বেগমের সাথে প্রতিবেশী আবু সাঈদ নামে এক যুবকের পরকীয়ার সম্পর্ক ছিল।

স্থানীয় চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুনছুর আলী জানান, দুই সপ্তাহ আগে আরিফুর রহমানের হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন শেফালী ও আবু সাঈদ। এ নিয়ে শেফালীর সাথে আরিফুরের বিবাদ দেখা দেয়।

সোমবার রাত আটটার দিকে ঘরের মধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। শেফালী এক পর্যায়ে লাঠি দিয়ে তার স্বামীর মাথায় কয়েকটি আঘাত করেন। এ সময় আরিফুর চিৎকার করেন তাকে রক্ষার জন্যে। চিৎকার শুনে বাড়ির পাশে মুদি দোকানি মহির উদ্দিনসহ কয়েকজন এসে দেখতে পান আরিফুর রহমানের মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে আছে।

এ সময় শেফালী তাদেরকে জানান, ঘর থেকে বের হবার সময় দরজার সাথে আঘাত লেগে তার স্বামীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ আবু সাঈদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি আবু সাঈদ জানান, হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে নিহতের স্ত্রী শেফালীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।