মনিরামপুরে টিআর প্রকল্পের ১৩১৮ বস্তা চালের বৈধ কাগজ না থাকায় জরিমানা

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের ১৩১৮ বস্তা চাল পাচার সন্দেহে ভ্রাম্যমান আদালত রোববার সকালে এক চাল ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়েছে। বাঁধাঘাটা এলাকায় দুটি ট্রাক থেকে সরকারি চাল নামানোর সময় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের দরুন চাল ব্যবসায়ী মতিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি)আলী হোসেন।
আলী হোসেন জানান, টিআর প্রকল্পের দুই ট্রাক চাল পাচার করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে রোববার সকাল নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। এর আগে পৌর শহরের বাঁধাঘাটা এলাকায় চাল ব্যবসায়ী মতিয়ার রহমানের মালিকানাধীন ভাই ভাই এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালানো হয়। দুটি ট্রাক থেকে টিআরের সিল সম্বলিত ১৩১৮ বস্তা চাল নামানোর সময় চাল মালিক মতিয়ার রহমানকে এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় মতিয়ার রহমান আদালতকে জানান, তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাওলাদার ট্রেডার্সের কাছ থেকে পূজা উপলক্ষ্যে বরাদ্দকৃত ২৭ মেট্রিক টন(১৩১৮ বস্তা) চাল ক্রয় করেন। কিন্তু পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় চাল ব্যবসায়ী মতিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।