মনিরামপুরে ঘাস ফড়িংয়ের আক্রমণে আমন ধানের শীষ শুকিয়ে যাচ্ছে : কৃষক আতঙ্কিত

0

ওসমান গণি,রাজগঞ্জ (যশোর) ॥ যশোরের মনিরামপুর উপজেলার ৬টি ইউনিয়নে চলতি মৌসুমে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। এ রোগ ও পোকা দমনে বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও সুফল মিলছে না বলে জানান তারা। তবে কৃষি বিভাগ এটাকে ঘাস ফড়িংয়ের আক্রমণ বলে জানিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিটা ধান ক্ষেতের গোড়ায় ছোট ছোট কারেন্ট পোকা বাসা বেঁধেছে। এ পোকাগুলো ধান গাছের রস চষে খাচ্ছে। ওপরের অংশের শীষসহ গাছগুলো শুকিয়ে যাচ্ছে। ঝাঁপা ইউনিয়নের হানুয়ার কোমলপুর গ্রামের প্রভাস বিশ্বাস ৩৯ শতক জমিতে কারেন্ট পোকার আক্রমণে ধান গাছগুলো খাওয়ার পর শীষ শুকিয়ে চিটা করে ফেলেছে। হানুয়ার গ্রামের রায়হান ঢালীর ৬ বিঘা, শাহজানের ৫ বিঘা, রুহুলের ৪ বিঘা, কুদ্দুসের ৩ বিঘা, আনসার ঢালীর ১০ বিঘা, আব্দুর রশিদের ২ বিঘা, জমিস মাস্টারের ২ বিঘা, হাফিজুরসহ অনেক কৃষকের ক্ষেতে এ পোকার আক্রমণ দেখা গেছে।
খালিয়া গ্রামের ফারুক, মনোহরপুর গ্রামের হাফিজুর রহমান, আসলাম উদ্দীন, মনিরুজ্জামান, দেলোয়ার হোসেন, ওমর আলী, মানিকগঞ্জ গ্রামের গোলাম রসুল চন্টা, গোলাম খাঁ, মোস্তফাসহ অনেক কৃষক জানিয়েছেন, তাদের ক্ষেতে এ পোকা দেখা দিয়েছে। চালুয়াহাটি ইউনিয়নের আবুল হোসেন জানান, তিনি ৫২ শতকের ৫ বিঘা ৫১ জাতের আমন ধানের চাষ করেছেন। ধান গাছের গঠনে জমি ভরপুর হয়ে গেছে। কিন্তু হঠাৎ ধান গাছ কারেন্ট পোকায় খেয়ে সাদা বর্ণ করেছে । এতে করে উৎপাদন ব্যাহত হবার আশঙ্কা করছেন তিনি। মশ্মিমনগর ইউনিয়নের মিলন, শাহিন, কুদ্দুস, হরিহরনগরের সামাদ, রাজ্জাক, ইয়াসিন, খেদাপাড়া ইউনিয়নের গালদা গ্রামের আবুবক্কর, মোশারফ আনিছুর, রেজাউলসহ অনেক কৃষক জানিয়েছেন তাদের জমিতে কারেন্ট পোকার আক্রমণে ধান গাছের রস খেয়ে ওপরের অংশ শুকিয়ে যাচ্ছে। কীটনাশক ব্যবহার করেও এ পোকা দমনে সুফল পাওয়া যাচ্ছে না।
এছাড়া রোহিতা ইউনিয়নের আমিনুর, রাসেদুল হক, ফজর আলীসহ অনেক কৃষকরা জানিয়েছেন তাদেরসহ পুরা মাঠেই কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। এ ব্যাপারে মনিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্ভিদ সংরক্ষণ ও পোকামাকড় দমন কর্মকর্তা তরিবুর রহমান জানান, তাদের তথ্য অনুযায়ী বর্তমানে ধান গাছে এ পোকাটির নামকরণ করা হয়েছে বাদামি গাছ ফড়িং। এ পোকার আক্রমণে ধান গাছের গোড়ার অংশে রস চোষণ করে খাওয়ার পর ওপরের অংশ শুকিয়ে যায়। তবে এ ব্যাপারে শক্তিশালী কীটনাশক জমিতে স্প্রে করার জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন।
এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা ভগিরথ চন্দ্র বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ধানের ক্ষেত পরিদর্শন করেন এবং কৃষকদের সকাল অথবা বিকেল বেলায় পোকা দমনের বিভিন্ন ওষুধ জমিতে ছিটিয়ে দেবার জন্য অনুরোধ করেছেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৬৭০ হেক্টর জমি। কিন্তু লক্ষমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে ২২ হাজার ৬৮০ হেক্টর জমিতে।