মনিরামপুরে এসআইকে মারধরের অভিযোগে দুই পৌর কাউন্সিলরের বিরুদ্ধে, গ্রেফতার ৩

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের মনিরামপুরে এক ব্যবসায়ীর দোকানে হামলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক উপপরিদর্শক (এসআই) হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন। গতপরশু সোমবার রাতে উপজেলার মনিরামপুর বাজারে একটি কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এসআই আবু বক্কর গতকাল মঙ্গলবার সকালে থানায় একটি মামলা করেছেন। মামলায় তিনি চারজনের নাম উল্লেখ করেছেন। এ ছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ তিন আসামিকে গ্রেফতার করেছে। ওই তিনজন হলেন- মোজাফফর হোসেন, শরিফ হোসেন ও শাহ আলম। তাদের বাড়ি উপজেলার কামালপুর গ্রামে।
পুলিশ জানায়, মণিরামপুর কাপুড়িয়া পট্টিতে মোশাররফ নামের এক ব্যক্তির কাপড়ের দোকানে লুটপাট ও অবরুদ্ধের সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে যান উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর। তারা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় আদম আলী ও ওয়ার্ড কাউন্সিলর বাবুল আক্তারের নেতৃত্বে লোকজন হামলা করেন।
হামলার শিকার এসআই আবু বক্কর বলেন, ‘মোশাররফ হোসেনের ফোন পেয়ে ওসি স্যারকে জানালে তিনি আমাকে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেতে বলেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছালে আদম আলী ও কাউন্সিলর বাবুল আক্তার শতাধিক লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেন। এসময় কাউন্সিলর বাবুলকে ধরে ফেলি। তখন সঙ্গে থাকা লোকজন কিল-ঘুসি, ধাক্কা মেরে তাকে নিয়ে পালিয়ে যান। পরে কয়েকজনকে আটক করা হয়।’
ফোন বন্ধ থাকায় কাউন্সিলর বাবুল আক্তারের বক্তব্য পাওয়া যায়নি।
বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, খাসজমি নিয়ে মোজাফফরের সঙ্গে মোশাররফের বিরোধ চলছে। মোশারফের দুটি পাকা কাপড়ের দোকান এবং মোজাফফরের কাঠের তৈরি কাপড়ের দোকান ছিল। বছরখানেক আগে মোজাফফরের দোকান অন্যত্র সরিয়ে দিয়ে ওই জায়গার দখল নেন মোশাররফ। গতকাল সন্ধ্যায় মোজাফফর লোকজন নিয়ে ওই জায়গা পুনরায় দখলে নিতে যান।
মনিরামপুর থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ বলেন, সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগে মামলা হয়েছে। মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।