মনিরামপুরে এমপির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরে নবাগত উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু স্থানীয় সংসদ সদস্য ইয়াকুব আলী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের বিরুদ্ধে নৌকার কর্মী সমর্থকদের মারধর, বাড়িঘর ও ঘের দখলসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। ল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজন করা হয় এ সংবাদ সম্মেলনের।
সম্মেলনে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানসহ দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে আমজাদ হোসেন লাভলু অভিযোগ করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে স্বতন্ত্র সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের নেতৃত্বে তাদের কর্মী সমর্থকরা সংসদ নির্বাচনের নৌকার কর্মী সমর্থকদের ওপর একের পর এক হামলা, মারধর, বাড়িঘর ও ঘের দখল করেছে। তাদের অত্যাচার থেকে রেহাই পেতে পরাজিত নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্য্যরে অনেক কর্মীসমর্থক বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন লাভলু আরও অভিযোগ করেন, উপজেলা নির্বাচনে সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন চেয়ারম্যান প্রার্থী হয়ে তার কাছে পরাজিত হবার পর থেকে আরও বেপরোয়া হয়ে উঠেছেন।
তিনি জানান, গত ২৪ মে মনোহরপুরে তাকে তার কর্মী-সমর্থকরা সংবর্ধনা দেন। পরদিন সেখানে যান সংসদ সদস্য ইয়াকুব আলী ও দলের সাধারণ সম্পাদক ফারুক হেসেন। তিনি জানান ওই দিন রাতে তাদের (প্রতিপক্ষ) কর্মী সাবেক চেয়ারম্যান মহিতুজ্জামানের নেতৃত্বে মনোহরপুরে দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আকতার ফারুক মিন্টুসহ অন্যান্য কর্মীসমর্থকদের নামে থানায় অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে পরিত্রাণ পেতে তিনি প্রধানমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করেন।
এ সব অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেন, এ ব্যাপারে আগামীকাল শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।