মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় গর্ভবতী নারীর মৃত্যু

0

 

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর) ॥   মা হবার আশা পুরন হলোনা যশোরের মনিরামপুরে গৃহবধু শিরিনা আক্তার কনার। দুইমাসের অন্তসত্তা কনা শুক্রবার সকালে স্বামীর সাথে মোটরসাইকেলে করে ডাক্তারের কাছে যাচ্ছিলেন চেকআপের জন্য। কিন্তু বিধিবাম। পথিমধ্যে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কনার মৃত্যু হয়। শুক্রবার সকালে যশোরের মণিরামপুর উপজেলার মুড়োগাছা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিরিনা আক্তার কণা মণিরামপুরের তাজপুর গ্রামের রুহুল কুদ্দুসের স্ত্রী। তিনি একই উপজেলার মুড়োগাছা গ্রামের মাস্টার আব্দুস সালামের একমাত্র মেয়ে। এ ঘটনায় আত্মীয়-স্বজনের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে। নিহতের মা হিরা বেগম তার একমাত্র মেয়ে হারিয়ে বার বার সংজ্ঞা হারিয়ে ফেলেন। স্বামী রুহুল কুদ্দুস জানিয়েছেন, যশোর শহরের কুইন্স হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে ডা. দেবাশীষ ঘোষের কাছে তিনি তার স্ত্রী শিরিনা আক্তার কনাকে চিকিৎসা করান। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে তিনি যশোরে আসছিলেন। পথের মাঝে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কের মুড়োগাছা বাজারের কাছে পৌঁছুলে স্থানীয় সরসকাঠি গ্রামের ইটের ভাটার একটি ট্রাক বিপরীত দিক থেকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রুহুল কুদ্দুস ও তার স্ত্রী শিরিনা আক্তার কনা আহত হন। স্থানীয় লোকজন আহত দম্পতিকে উদ্ধার করার পর বেলা সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে শিরিনা আক্তার কনা মৃত্যুবরণ করেন। তার পেটের ভ্রুণটিরও মৃত্যু হয় এ সময়। আহত রুহুল কুদ্দুস জানিয়েছেন, তাদের বিয়ের বয়স চার বছর। তার স্ত্রী ৩ মাসের গর্ভবতী। এ কারণে ডা. দেবাশীষ ঘোষের অধীনে চিকিৎসাধীন ছিলেন।