মণিরামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন,ছুটির মধ্যে বাধ্যতামূলক শিক্ষকদের অংশগ্রহণ

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর) ॥ মণিরামপুরে ছুটির মধ্যেও সরকারি-বেসরকারি অন্তত চারশ শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষকের বাধ্যতামূলক অংশগ্রহণে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, প্রকল্প পরিচালক মাহাবুব মোর্শেদ, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব পরিমল সিংহ, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, অ্যাড. বশির আহম্মদ খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক শিকদার প্রমুখ।
পরে উপজেলা প্যারেড গ্রাউন্ডে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বর্তমান সরকারের আমলে ক্রীড়াসহ দেশ সর্বক্ষেত্রে আধুনিকতার ছোঁয়ায় স্বর্ণযুগে পদার্পণ করেছে। তাই জেলা থেকে এখন উপজেলা পর্যায়ে খেলাধুলার মানোন্নয়নে ব্যাপকহারে প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন হচ্ছে ।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর উপস্থিত হতে নির্দেশনা দেওয়া হয় উপজেলা প্রশাসন থেকে। ফলে সরকারি ও বেসরকারি অন্তত ৪৫০ শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-কর্মচারী সকাল ১০ টায় এ অনুষ্ঠানে যোগ দেন। তবে ছুটির দিনে এ ধরনের নির্দেশনা দেওয়ায় অধিকাংশ শিক্ষক-কর্মচারীর মধ্যে অসন্তোষ দেখা দেয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় শিক্ষক-কর্মচারীদের উপস্থিত হতে বলা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, ‘ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পরিচালনার বিষয়ে শিক্ষকদের কিছু নির্দেশনা দেওয়ার জন্য শিক্ষকদের ডাকা হয়।’