অনুমতি ছাড়া ২য় বিয়ে করায় ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের অভিযোগে দ্যা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের কর্মকর্তা মমিনুর রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে মামলা হয়েছে। প্রথম স্ত্রী হাজেরা খাতুন মামলাটি করেছেন। তিনি সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিশেনকে আদেশ দিয়েছেন।
আসামি মমিনুর রহমান ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। বর্তমানে তিনি দ্যা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মৌলভীবাজার শাখায় কর্মরত রয়েছেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বাদির আইনজীবী রুহিন বালুজ।
মামলার বিবরণে জানা গেছে, মমিনুর রহমান ২০১৫ সালের ২০ অক্টোবর হাজেরা খাতুনকে বিয়ে করেন। এরপর তারা ঢাকায় বাড়ি ভাড়া নিয়ে সেখানে বসবাস করতেন। ২০২১ সালের ৯ এপ্রিল মমিনুর রহমান যৌতুক না পেয়ে স্ত্রীকে তার বাসা থেকে তাড়িয়ে দেন। একই বছরের ৫ আগস্ট মমিনুর রহমান গোপনে দ্বিতীয় বিয়ে করেন। গত ২ ডিসেম্বর বিষয়টি জানতে পারেন প্রথম স্ত্রী হাজেরা খাতুন। এ কারণে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগে তার বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে মামলা করা হয়েছে।