ভোরন পোষণ না দেয়ায় ছেলের বিরুদ্ধে মামলা পিতার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে অসুস্থ পিতাকে ভোরন পোষণ না দেয়ায় মঙ্গলবার (২৮ মার্চ ) লোকমান মোড়ল নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। লোকমান মোড়লের পিতা ইসহাক মোড়ল নিজেই মামলাটি করেছেন। তিনি সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের বাসিন্দা। অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। অভিযুক্ত লোকমান মোড়ল বর্তমানে কৃষ্ণবাটি গ্রামে বসবাস করছেন।
ইসহাক মোড়লের অভিযোগ, তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছেন। তিনি গুরুতর অসুস্থ। তাকে দেখভালের জন্য একমাত্র ছেলে লোকমান ছাড়া আর কেউ নেই। অসুস্থ হওয়ার প্রথম দিকে লোকমান কৌশলে তার পিতার কাছ থেকে সব সম্পত্তি নিজ নামে লিখে নেন। শর্ত ছিল তার মৃত্যুর আগ পর্যন্ত লোকমান তার পিতার ভোরন পোষণের দায়িত্ব পালন করবেন। গত ১ মার্চ দুপুরে ছেলে লোকমানের বাড়িতে দুপুরের খাবার খেতে যান তার পিতা। এ সময় লোকমান তাকে জানান যে, আর খেতে দিতে পারবেন না। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে পিতাকে গালিগালাজ ও মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন লোকমান। এরপর থেকে লোকমান তার পিতার খোঁজখবর নেননি। তাই ইসহাক মোড়ল আদালতের দ্বারস্থ হয়েছেন।