ডুমুরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত, আহত ৫

0
খুলনার ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দ্রুতগতির দুই বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।। ছবি: সংগৃহীত

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে স্বপন কুমার রায় ও তার স্ত্রী হান্না সরকার মোটরসাইকেলে করে খুলনা থেকে চুকনগর অভিমুখে যাচ্ছিলেন।

খুলনার ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ।। ছবি: সংগৃহীত

মোটরসাইকেলটি ডুমুরিয়া ফায়ার সার্ভিসের (গোলনা) কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনা-সাতক্ষীরা রুটের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়।

ডুমুরিয়ায় মর্মান্তিক বাসচাপায় নিহত দম্পতির ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও পড়ে থাকা লাগেজ।। ছবি: সংগৃহীত

এতে দুজনেই মহাসড়কে ছিটকে পড়েন। চালক বাসটি নিয়ন্ত্রণ করতে না পেরে স্বপন রায়কে চাপা দিয়ে চলে যান। একই সময়ে খুলনা থেকে ছেড়ে আসা অপর একটি যাত্রীবাহী বাস হান্না সরকারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজন মারা যান।

এই দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুস সাত্তার।

নিহত দম্পতির বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুর বলে জানা গেছে।