ভৈরব নদে নৌকা বাইচ অনুষ্ঠিত

0

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর ।। যশোরের শিল্প-বাণিজ্য ও বন্দর নগর নওয়াপাড়ার প্রাণ ভৈরব নদে মানুষের প্রাণোচ্ছ্বল প্রত্যাশার নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে নওয়াপাড়া পৌরসভার আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচকে ঘিরে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের লাখো মানুষের সমাগম ঘটে। সকাল থেকেই যেন জেগে ওঠে শিল্প শহর নওয়াপাড়া। বাড়তে থাকে লোকসমাগম। ভৈরব নদ যেন নতুন রূপে দেখা দেয় এ অঞ্চলের মানুষের কাছে। নদীতে নানা রংয়ের নৌকা ও ট্রলারে গান-বাজনাসহ  বাড়তি আনন্দ দেয় দর্শনার্থীদের। নদীর দু’কূল উপচে ওঠে প্রাণের স্পন্দনে। নওয়াপাড়ার তালতলা কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট ঘাট এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে নওয়াপাড়া ফেরিঘাট মঞ্চের এলাকায় গিয়ে শেষ হয়। নৌকা বাইচের উদ্বোধন করেন বাইচের পৃষ্টপোষক শেখ আফিল উদ্দিন এমপি। নৌকা বাইচ দেখতে আসা আব্দুর রশিদ, হাকিম শেখ, ইদ্রিস মোল্যা, রুবেল হোসেন বলেন, মহামারিকালে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এ আয়োজন। তাই এমন আয়োজন দেখতে এসেছি। তার মতো নৌকাবাইচ দেখতে আসা বেশ কয়েকজন দর্শক জানান, এবার ভালো আয়োজন হয়েছে। নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হল খুলনার তেরখাদা, দিঘলিয়া, কয়রা, নড়াইল ফদিপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের টুঙ্গীপাড়াসহ ৮টি দল অংশ নেয়। এ সময় বাইচ নির্বিঘ্ন করতে নদীতে থানা পুলিশ, নৌ পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দেয়। বাইচ শেষে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ছিল ৩০ হাজার টাকা। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিনিয়ে নিয়েছে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সোনার বাংলা নৌকা, দ্বিতীয় খুলনা জেলা তেরখাদা উপজেলার ভাই ভাই জলপরী নৌকা, তৃতীয় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার জয় মা দূর্গা নৌকা। এছাড়াও গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার মা শিতলা নৌকা, জয় মা কালি নৌকা, ফরিদপুরের আলফা ডাঙ্গা এলাকার বাংলার বাঘ নৌকা তুষরাইল এলাকার মায়ের দোয়া নৌকা, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আল্লার দান নৌকা অংশ গ্রহণ করে। নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম। এসময়  উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এমডি মনিরুল মওল, সাবেক পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার ভুমি থান্দার কামরুজ্জামান, থানা অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসান, নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মইনুর জহুর মুকুল প্রমুখ।