ভুয়া কমিটি করে কবরস্থানের টাকা আত্মসাৎ

0

খুলনা সংবাদদাতা॥ খুলনার খালিশপুর থানার গাবতলা কবরস্থান উন্নয়নের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কাজ না করে ভুয়া একটি কমিটির মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এই করবস্থানের উন্নয়নের জন্য খুলনা জেলা পরিষদ এক লাখ টাকা বরাদ্দ করে। গাবতলার আওয়ামী লীগ নেতা বেল্লাল হোসেন টুলু দুর্নীতি দমন কমিশনে কবরস্থানের উন্নয়নের অর্থ আত্মসাতের বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, গাবতলা কবরস্থান উন্নয়নের নামে জেলা পরিষদ থেকে এক লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এই বরাদ্দের প্রথম ষাট হাজার টাকা ২০২০ সালের জুন মাসে চেকের মাধ্যমে পরিশোধ করা হয় এবং পরবর্তিতে আরো চল্লিশ হাজার টাকার চেক প্রদান করা হয়। কিন্তু যে কমিটির মাধ্যমে এই অর্থ উত্তোলন করা হয়েছে, তারা কেউই খুলনার বাসিন্দা নন। এই কবরস্থান উন্নয়নের নামে বরাদ্দকৃত সমুদয় টাকা জনৈক গাড়িচালক নাজমুল আলম এবং তার দ্বিতীয় স্ত্রী চম্পা বেগম ভুয়া কমিটি গঠন করে আত্মসাৎ করেছেন। কিন্তু সে অর্থ দিয়ে কোনো কাজ হয়নি বলে অভিযোগকারী জানান।
সরেজমিনে ওই কবরস্থান পরিদর্শনে গেলে শতশত এলাকাবাসী একই অভিযোগ উত্থাপন করে দুর্নীতিবাজ, সরকারি টাকা লুটেরাদের শাস্তি দাবি করেছেন। তবে যাদের নামে অভিযোগ করা হয়েছে, তাদের এলাকায় খুঁজে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‌‘এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।’ দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয় থেকে জানানো হয়েছে, অভিযোগ পেয়ে এ বিষয়ে তদন্ত করার জন্য প্রধান কার্যালয়ের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।