ভারতে এমপি আনার খুন, মেলেনি মরদেহ

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুন হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাঁকে বাংলাদেশিরাই হত্যা করেছে বলে জানিয়েছে তিনি বলেন ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
আওয়ামী লীগের তিনবারের সংসদ সদস্য ছিলেন আনোয়ারুল আজীম আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পশ্চিমবঙ্গে আনোয়ারুল আজিমের হত্যাকান্ডের খবর নিশ্চিত হওয়ার পর গতকাল বুধবার ঢাকায় নিজ বাসভবনে সংবাদ ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
আনোয়ারুল আজিমকে হত্যার ঘটনায় তিন আসামিকে ধরা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা আরও কয়েকজনকে ধরার চেষ্টায় আছি। এটা খুন। তাঁকে (আনোয়ারুল আজিম) হত্যা করা হয়েছে। এখানে ভারতের সঙ্গে সম্পর্কে ফাটল ধরবে, এমন কোনো ঘটনা ঘটেনি। কারণ, ভারতের কেউ এখানে জড়িত নন। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, তাতে আমাদের দেশের মানুষই হত্যাকান্ডের সঙ্গে জড়িত।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি আনোয়ারুল আজিমকে কলকাতার এক বাসায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। খুনের উদ্দেশ্য, কারা খুন করেছে, এসব জানতে ভারতের পুলিশ কাজ করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের কাছে যেসব তথ্য আছে, তা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করছি না। তদন্ত শেষ হলে জানানো হবে, তিনি কেন খুন হয়েছেন, কে কে খুন করেছে, কী ধরনের অস্ত্র দিয়ে খুন করা হয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মরদেহ এখনো আসেনি। দুই দেশের পুলিশ তদন্ত করছে। ভারতের পুলিশ আমাদের জানিয়েছে যে তিনি খুন হয়েছেন, এটা নিশ্চিত।
এ ঘটনায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত চলছে। যারা এই খুনের সঙ্গে জড়িত, তাদের উদ্দেশ্য কী ছিল, আমরা পরে সেগুলো প্রকাশ করব।’
এদিকে সংসদ সদস্য আনারের মরদেহ উদ্ধার হয়নি বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। ফলে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃত্যু এবং মৃতদেহ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
গতকাল বুধবার বিকেলে নিউটাউনের সঞ্জীবা গার্ডেনস থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী জানান, এখন পর্যন্ত মরদেহ উদ্ধার হয়নি। আমরা তদন্ত শুরু করেছি। আমাদের কাছে যা তথ্য রয়েছে, তাতে ১৩ তারিখে তিনি এই ভবনে ঢুকেছিলেন। তবে এর আগে এসেছিলেন কি না সেটি আমরা জানি না। তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। যদিও বিষয়টি এখনো তদন্তসাপেক্ষ।
মরদেহ টুকরো টুকরো করা হয়েছে বলে যে খবর ছড়িয়েছে সে ব্যাপারে তিনি বলেন, এটি এখনই বলা সম্ভব নয়। ফিঙ্গারপ্রিন্ট, ফটোগ্রাফি সব টিমেকে এই তদন্তে ইনভাইট করা হয়েছে। তারা খতিয়ে দেখছেন।
এদিকে ভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার যে ফ্লাটে এমপি আনোয়ারুল আজীম খুন হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে, সেখানে তার মরদেহ পাওয়া যায়নি।
এবিপি আনন্দ বলছে, বাংলাদেশ ও ভারতের পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। আনোয়ারুল আজীমকে কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন্সের যে অ্যাপার্টমেন্টে সর্বশেষ দেখা গিয়েছিল, সেখানে রক্তের দাগ পাওয়া গেছে।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছে, সেখানে তার লাশ পাওয়া যায়নি।
পশ্চিমবঙ্গ পুলিশের সূত্র দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নিউটাউনের এক অভিজাত আবাসন থেকে আনোয়ারুল আজীম আনারের লাশ উদ্ধার করা হয়। তবে বাংলাদেশের গোয়েন্দা সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত আনারের মৃতদেহ উদ্ধার করা যায়নি। তিনি যে ফ্ল্যাটে ছিলেন সেখানে তার মৃতদেহ মেলেনি।
গতকাল বিকেলের দিকে গোয়েন্দা সূত্র জানায়, বিধাননগরের নিউটাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়, সেখান থেকে চারটি ট্রলি ব্যাগে করে টুকরো টুকরো মরদেহ গায়েব করা হয়েছে। পুলিশ বর্তমানে সেই ব্যাগগুলোর সন্ধান করছে।
বাংলাদেশের এই সংসদ সদস্য গত ১২ মে ভারতে যান চিকিৎসার উদ্দেশ্যে। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার ম-লপড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরের দিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজীম।
ভারতে আনারের মরদেহ উদ্ধারের ঘটনায় দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, এমপি আনার জীবিত নাকি মৃত তা এখনও অফিসিয়ালি নিশ্চিত নই। আমরা যৌথভাবে কাজ করছি। তদন্তের স্বার্থে ইন্ডিয়ান পুলিশ আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইছে তা আমরা দিচ্ছি।