মানববন্ধন : যশোরের হরিণার বিলে বিসিকের জমি অধিগ্রহণের প্রতিবাদে ফুঁসে উঠছে মানুষ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর বিল হরিনার রামনগর ইউনিয়নের অংশে প্রস্তাবিত বিসিক-২ এর জমি অধিগ্রহন প্রক্রিয়ার প্রতিবাদে ফুঁসে উঠছেন হয়েছেন কয়েকটি গ্রামের মানুষ। শুক্রবার যশোর মণিরামপুর মহাসড়কের কনাইতলা নামক স্থানে কাজিপুর, রামনগর, ভাটপাড়া,তোলা গোলদারপাড়া গ্রামের শত শত নারী মানববন্ধনে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন,কোন ফসলী জমিতে শিল্প স্থাপন নয়। সেটি করা হলে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেয়া হবে না। সেখানে বিল হরিনার রামনগর অংশের তিন ফসলী জমিতে বিসিক-২ স্থাপনের জন্য বাছাই করা হয়েছে। এর জন্য প্রস্তাবিত ১ হাজার ৬০০ বিঘা জমি অধিগ্রহন করা হলে প্রায় দুই হাজার মানুষ ভূমিহীন ও কর্মহীন হয়ে পড়বে। এই বিলের তিন শতাধিক বর্গাচাষী রয়েছে। তাদের জীবন জীবিকা থমকে যাবে। অধিগ্রহনের বাইরে থাকা আবাদী জমিসহ চারপাশের গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এছাড়া বিল হরিনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করা জেলে সম্প্রদায় কর্মহীন হয়ে পড়বে। বিল হরিনায় শিল্প নগরী গড়ে উঠলে বিলসহ এর মধ্য দিয়ে বয়ে যাওয়া মুক্তেশ্বরী নদীর পানি দূষিত হবে এবং প্রকট আকারে বায়ূ দূষণ ঘটবে। শহরের বড় একটি অংশের পানি বিল হরিনায় নিস্কাশিত হয়। যা শিল্প নগরী গড়ে উঠলে বাধাগ্রস্ত হবে এবং প্রকট আকারে জলাবদ্ধতার সৃষ্টি হবে। সর্বোপরি হাজার হাজার মানুষ ভূমিহীন ও কর্মহীন হয়ে পড়বে। এমতাবস্থায় বক্তারা এমন সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন তারা মানববন্ধনে বক্তব্য রাখেন, রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাড.আফজাল হোসেন, জেলা জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস,প্রফেসর মুসাহাত আলী, স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ, তোরাপ আলী, আসাদুজ্জামান, শফিয়ার রহমান, আবুল কালাম আজাদ, আব্দুল জলিল মোড়ল প্রমূখ।