ভারতীয় ভিসার জটিলতা ও হয়রানি বেনাপোল চেকপোস্টে পাসপোর্ট যাত্রীর সংখ্যা অর্ধেকে নেমেছে

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ ভারতীয় ভিসা জটিলতা, ভ্রমণকর বৃদ্ধি, বেনাপোল ও পেট্রাপোলে নানা হয়রানির কারণে বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কমে গেছে। আগে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার যাত্রী যাতায়াত করতো। এখন সেখানে যাতায়াত করছে ৪ থেকে ৫ হাজার যাত্রী। পাসপোর্ট যাত্রী চলাচল কমে যাওয়ার কারণে ভ্রমণ কর বাবদ রাজস্ব আদায়ও কমে গেছে।
চিকিৎসা, ব্যবসা-বণিজ্য ও ভ্রমণের জন্য বাংলাদেশের বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যায়। কিন্ত গত দুই মাস আগ থেকে হাইকমিশন থেকে ভারতীয় ভিসা পেতে দু থেকে আড়াই মাস সময় লাগায় দু দেশের মধ্যে যাত্রী যাতাযাত কমে গেছে।
বাংলাদেশের নাগরিকদের ভিসা সুবিধা দেওয়ার জন্য ২০১৩ সালের ২৮ জানুয়ারি ভারত-বাংলাদেশের স্বাক্ষরিত সমঝোতা চুক্তি বিদ্যমান। সেই চুক্তি অনুযায়ী ৬৫ বছরের ঊর্ধ্বে বাংলাদেশিদের ৫ বছর মেয়াদি ভিসা পাওয়ার কথা। আর ৬৫ বছরের কমবয়সী ট্যুরিস্ট ভিসা দেওয়া হতো ১ বছর মেয়াদি। সেই সাথে ব্যবসায়ীদের জন্য ৩ থেকে ৫ বছরের ভিসা প্রদান করা হতো। আগে ভিসার আবেদন করলে ১০ থেকে ১৫ দিনের মধ্য ভিসা পাওয়া গেলেও এখন তা দুই থেকে তিন মাসেও সম্ভব হচ্ছে না। আর ভিসা দিলেও তার মেয়াদ দেওয়া হচ্ছে ৩ থেকে ৬ মাস। এছাড়া বাংলাদেশ সরকার যাত্রীদের ভ্রমণ কর ৫শ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করায় যাত্রীদের বাড়তি অর্থ গুণতে হচ্ছে। এজন্য দু দেশের মধ্যে যাত্রী চলাচল অর্ধেকে নেমে এসেছে।
ভিসাপ্রত্যাশী প্রদীপ কুমার জানান, পরিবার পরিজন নিয়ে ডাক্তার দেখাতে ভারতে যাওয়ার প্রয়োজন। ভারতে চিকিৎসা করতে যাবো বলে গত ২৭ আগস্ট ভারতীয় ভিসার জন্য আবেদন করেছিলাম। পাসেপোর্ট জমা দেওয়ার তারিখ পেয়েছি ১২ অক্টোবর। ভিসা দিবে নাকি আরও দু মাস পরে। কবে ভিসা পাবো আর কবেই বা ডাক্তার দেখাবো যাবো বুঝতে পারছি না।
ভিসা নিয়ে ভারতে যাওয়া ইতি ম-ল ও আনিছুর রহমান জানান, ভারতীয় ভিসার জন্য আবেদন করার দেড় মাস পরে পাসপোর্ট জমা দিই ভিসা অফিসে। আর ভিসা পাই তার একমাস পরে। ভারতীয় ভিসা পেতে এতো সময় লাগলে আমাদেরকে নিজ দেশে বা অন্য কোনো দেশে চিকিৎসা করতে যেতে হবে।
বেনাপোল সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মহসিন আলী জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে আগের তুলনায় যাত্রী যাতায়াত অনেক কমে গেছে। পাসপোর্ট যাত্রী যাতায়াত কমে যাওয়ায় ভ্রমণ কর থেকে যে রাজস্ব আদায় হয় তা এখন অনেক কম হচ্ছে। ফলে সরকারের ট্রাভেল ট্যাক্সের মাধ্যমে রাজস্ব আহরণের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ^াস জানান, আগের তুলনায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দু দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী অনেক কমে গেছে। তবে কী কারণে যাত্রী কম আসছে সেটা বলা সম্ভব না। তবে শুনেছি ভারতীয় ভিসা প্রাপ্তিতে অনেক সময় লাগার কারণে পাসপোর্ট যাত্রী কম যাতায়াত করছে। আগে যেখানে প্রতিদিন ৭/৮ হাজার পাসপোর্ট যাত্রী দুদেশের মধ্যে যাতায়াত করতো এখন সেখানে প্রতিদিন ৪/৫ হাজার যাত্রী যাতায়াত করছেন।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান. এ চেকপোস্টে আন্তজার্তিক প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণসহ অবকাঠামগত উন্নয়ন করার পর প্রতিদিন আগে ৭ থেকে ৮ হাজার যাত্রী ভারতে যাতায়াত করতো। কিন্ত হঠাৎ করে গত দু মাস ধরে যাত্রী অনেক কম আসছে। তবে শুনেছি ভারতীয় ভিসা পেতে অনেক সময় লাগার কারণে যাত্রী কমে গেছে। আশা করছি খুব শিগরিই যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে।