ভবদহের স্থায়ী সমাধান রাজনৈতিক অঙ্গীকার — সম্ভাব্যতা সমীক্ষা কর্মশালায় প্রতিমন্ত্রী অমিত

0
শনিবার যশোর জেলা শিল্পকলা একাডেমিতে ভবদহের পলি ব্যবস্থাপনা ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সমীক্ষা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: লোকসমাজ

যশোরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার কেন্দ্রবিন্দু ভবদহ অঞ্চলের স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, ভবদহ অঞ্চলের মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা তাঁদের রাজনৈতিক অঙ্গীকার।

শনিবার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত একটি সম্ভাব্যতা সমীক্ষা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোর পানি উন্নয়ন বোর্ড এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার বিষয়বস্তু ছিল যশোর জেলার ভবদহ এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিবসা ও পশুর নদীর অববাহিকায় পলি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন।

প্রতিমন্ত্রী অমিত বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভবদহ সমস্যা সমাধানে অর্থ বরাদ্দ হলেও তা লুটপাটের শিকার হয়েছে। সমস্যার কোনো সমাধান হয়নি, যার ফলে জনগণের মধ্যে গভীর আস্থার সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, “কাজের মাধ্যমে জনগণের আস্থার সংকট দূর করতে চাই।” প্রতিমন্ত্রী জানান, তিনি নিজে ভবদহের সমস্যা সরেজমিনে প্রত্যক্ষ করেছেন এবং সমাধানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনাও করেছেন।

ঐতিহাসিক প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ২০০১ সালে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর টিআরএম (জোয়ারাধীন নদী ব্যবস্থাপনা) প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভবদহ পাড়ের মানুষকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করা হয়েছিল এবং ভুক্তভোগীরা ২০১৩ সাল পর্যন্ত তার সুফল ভোগ করেছেন। প্রতিমন্ত্রী নির্মোহভাবে ভবদহের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার নির্দেশ প্রদান করেন, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা যথাযথ ক্ষতিপূরণ পেতে পারেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাছরিন আক্তার খান। সমীক্ষা প্রকল্পের ওপর উপস্থাপনা করেন আইডব্লিউএমের সিনিয়র স্পেশালিস্ট শেখ নাহিদুজ্জামান। এ ছাড়া বক্তব্য রাখেন ভবদহ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার, ইকবাল কবির জাহিদ এবং সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ।