যশোর ২৫০ শয্যা হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন 

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় মহিলা সার্জারি ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রোগী ও দর্শনার্থীরা আতঙ্কে ওয়ার্ড ছেড়ে বাইরে চলে যান এবং পুরো ওয়ার্ডে এক হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রতিদিনের মতো দুপুরেও দর্শনার্থীরা স্বাভাবিক পরিবেশে মহিলা সার্জারি ওয়ার্ডে অবস্থান করছিলেন এবং সেবিকারা রোগীদের সেবার কাজে নিয়োজিত ছিলেন। এ সময় হঠাৎ করে ওয়ার্ডের পশ্চিম পাশে তিন নম্বর বেডের দেয়ালের দুইটি বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে প্রচণ্ড গতিতে ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। কয়েক মিনিটের মধ্যেই পুরো ওয়ার্ডটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

তখন হাসপাতালের চিকিৎসক, সেবিকা, কর্মচারী, রোগী ও রোগীর স্বজনরা আতঙ্কে চিৎকার ও দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন। যে যার মতো করে রোগীদের ধরে ওয়ার্ড থেকে নিচে নামিয়ে নিয়ে যান। মুহূর্তের মধ্যেই পুরো ওয়ার্ড শূন্য হয়ে পড়ে।

খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। একপর্যায়ে ওয়ার্ডের দেয়ালে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে পাউডার স্প্রে করা হলে ধোঁয়া বন্ধ হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পরে দেখা যায়, বৈদ্যুতিক প্লাগের সংযোগস্থলে বোর্ডের তার পুড়ে নষ্ট হয়ে গেছে। মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্লাগের তারে আগুন ধরে যাওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাবিবা সিদ্দিকী ফোয়ারার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অতিরিক্ত গরমে বৈদ্যুতিক ফ্যানগুলো একটানা চালানোর কারণে লাইনে অতিরিক্ত চাপ পড়ে এই বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা ঘটেছে।