ব্যক্তি একই, তথ্য আলাদা পুলিশ ও র‌্যাবের!

0

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ আসামি একজন। দাবিদার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই প্রতিষ্ঠান। একই আসামি গ্রেফতারে দুটি দপ্তর থেকে পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তি। বুধবার দুপুর দেড়টার দিকে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দপ্তর থেকে ছবিসহ বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয় মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি টিপু সুলতানকে গ্রেফতার করেছে ঝিনাইদহ থানা পুলিশ। বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের ডিসি কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানার এএসআই সোহাগ হোসেন। গ্রেফতারকৃত টিপু সুলতান ব্যাপারীপাড়ার আব্দুল গাফ্ফারের ছেলে। (মামলা নং উল্লেখ করা হয়েছে জিআর-১০৪/১৭)
একই দিন বিকেল সোয় ৩টার দিকে ঝিনাইদহ র‌্যাব কমান্ডারের দপ্তর থেকে গণমাধ্যমকর্মীদের কাছে ই-মেইল করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘২৫ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে র‌্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ সদর থানার জিআর নং- ১০৪/১৭ এর মাদক মামলার ০৫ বছরের সশ্রম কারাদ- ও ৫০০০/- টাকা অর্থদণ্ডপ্রাপ্ত অনাদয়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি ঝিনাইদহ জেলার সদর থানার চাকলাপাড়া বাজার এলাকায় অবস্থান করছে। এ সময় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার ওই সাজাপ্রাপ্ত আসামি ঝিনাইদহ সদর থানার বেপারীপাড়ার মৃত আব্দুল গাফ্ফারের পুত্র টিপু সুলতানকে (৩০) গ্রেফতার করা হয়। আসামি গ্রেফতারের পর পুলিশ ও র‌্যাবের পাঠানো ছবি দুটি আলাদা। পুলিশের পাঠানো ছবির যুবকের মুখে দাড়ি ও গোফ আছে। বয়স কম। অন্যদিকে র‌্যাবের পাঠানো ছবির ব্যক্তির মুখে দাড়ি গোফ নেই। মাথার সামনের অংশ টাক। এই দুই ব্যক্তির বয়সেও যথেষ্ঠ ব্যবধান রয়েছে। এখন জনমনে প্রশ্ন যদি একই ব্যক্তি হবে তাহলে ছবি ভিন্ন ভিন্ন কেন ?
একই আসামি গ্রেফতারে দুই প্রতিষ্ঠানের দাবি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, ওই আসামি তারা গ্রেফতার করে আগেই আদালতে প্রেরণ করেছেন। তার দাবি পুলিশ পলাতক এই আসামি গ্রেফতার করেছে।
এদিকে ঝিনাইদহ র‌্যাব কমান্ডারের দপ্তর থেকে জানানো হয়, তারা আসামি টিপু সুলতানকে বেলা সাড়ে ১১টার দিকে আটক করে ঝিনাইদহ সদর থানার এএসআই সোহাগ হোসেনের কাছে হস্তান্তর করেন। একারণে হয়তো তারাও প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে। র‌্যাব সূত্রটি জানায় এর আগেও শৈলকুপার একটি ক্লুলেস মামলার আসামি গ্রেফতার করে র‌্যাব। সে ক্ষেত্রেও পুলিশ তাদের কৃতিত্ব দাবি করে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছিল। তবে একই মেসেজ দুইবার পাঠানো হলে বিভ্রান্তির জন্ম দিতে পারে বলেও ওই কর্মকর্তা দাবি করেন।