বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ছুরিকাঘাত,আটক ২

0

স্টাফ রিপোর্টার ॥ বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় গত শনিবার রাতে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আশিক (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে। পুলিশের একটি সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় কতিপয় যুবক শহরের মুসলিম একাডেমির পেছনের রাস্তায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় সেখানে উপস্থিত কাজীপাড়ার রবিউল ইসলামের ছেলে আশিক এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরপর রাত ১১ টার দিকে কাজীপাড়ার মক্তব স্কুলের সামনে আশিককে পেয়ে তাকে ছুরিকাঘাত করেন ওই যুবকেরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সূত্র জানায়, ওই ঘটনায় শহরের ঘোপ সেন্ট্রাল রোডের নাসির উদ্দিনের ছেলে হাসিব, শংকরপুর বটতলা মসজিদ এলাকার মেজোর ছেলে আকাশ, পুরাতন কসবা কাজীপাড়া কাঁঠালতলার পান্নু চাকলাদারের ছেলে রাজিতসহ ৫ জনের নাম উল্লেখ করে রোববার কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। আহত আশিকের মা আবিরন নেছা তপু মামলাটি করেছেন। যোগাযোগ করা হলে কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে ওই ঘটনার পর শংকরপুর ও ঘোপে আলাদা অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি হাসিব ও আকাশকে আটক করা হয়েছে।