বেনাপোল বন্দর দিয়ে দু দিনে ভারতে গেল ৯৯ মে.টন ইলিশ

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ।। বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিনে ভারতে ৯৯ মেট্রিক টন ৬৬০ কেজি ইলিশ রফতানি হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রফতানি শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। ওইদিন ২০ ট্রাকে ৫৪ মেট্রিক টন ৪৬০ কেজি ইলিশ রফতানি হয়। শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৪৫ মেট্রিক টন ২০০ কেজির মতো গেটপাশ হয়েছে। এ নিয়ে দুইদিনে বেনাপোল দিয়ে ভারতে রফতানি হলো ৯৯ মেট্রিক টন ৬৬০ কেজি ইলিশ। প্রতি কেজি ইলিশ রফতানি হচ্ছে ১০ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৮০ টাকা দরে।

বেনাপোল বাজারের মাছের আড়তে পাইকারিতে প্রতি ১ কেজি ওজনের ইলিশ ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৭০০টাকায় বিক্রি হয়েছে। সে হিসেবে একই আকারের ইলিশ প্রায় ৫০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে।
মৎস্য অধিদফতরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম গণমাধ্যমকে বলেন, এই প্রশ্নের উত্তর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা দিতে পারবেন।

তবে আমি যেটা জানি সেটা হলো, ইলিশ রফতানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে ১০ ডলারে প্রতি কেজির রফতানিমূল্য নির্ধারণ করা হয়েছে। এখনো সেই পরিপত্র অনুযায়ীই রফতানি হচ্ছে। তবে ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে বলেও তিনি মনে করেন।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, গত বৃহস্পতিবার রাত ৯ টা পর্যন্ত ২০ ট্রাকে ৫৪ মেট্রিক টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রফতানি হয়। শনিবার সাড়ে তিনটা পর্যন্ত ১৫ ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি ইলিশ রফতাানি হয়েছে। এ নিয়ে দুইদিনে ভারতে ইলিশ মাছ রফতানি হলো ৯৯ মেট্রিক টন ৬৬০ কেজি। দেশের বিভিন্ন বন্দর দিয়ে মোট ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রফতানির
অনুমোদন রয়েছে।

তবে রফতানিকারকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রফতানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।