বেনাপোল বন্দরে ৩ দফা দাবিতে শুরু হয়েছে লাগাতার ধর্মঘট

0

 

বেনাপোল সংবাদদাতা॥ বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারকে প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে গতকাল বুধবার সকাল থেকে বেনাপোল স্থল বন্দরে লাগাতার ধর্মঘট শুরু হয়েছে। বন্দর ব্যবহারকারী সংগঠন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দেয়।
গত মঙ্গলবার দুপুরে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নিজস্ব ভবনে এক সাংবাদিক সম্মেলন থেকে এ ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।
ধর্মঘটিরা মো. মামুন কবীর তরফদারের প্রত্যাহার ছাড়াও স্থল বন্দরের ইক্যুইপমেন্ট সরবরাহ বৃদ্ধি এবং বন্দরে পর্যাপ্ত শেড ও জায়গা বৃদ্ধিসহ যানজট মুক্ত রাখার দাবি রয়েছে।
ধর্মঘটিরা বলছেন, মামুন কবীর তরফদার বন্দরের টেন্ডারসহ বিভিন্ন কার্যক্রমে তার নিজস্ব আত্মীয় স্বজনদের নিয়োগ দিচ্ছেন। তিনি বেনাপোল বন্দরটাকে ধ্বংসের পথে নিয়ে গেছেন। গত ৭ বছর ধরে তিনি একই পদে একই স্থানে চাকরি করছেন। তারা জানান, বন্দর ব্যবহারকারী ৫টি সংগঠনই তাদের সাথে আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের ৩ দফা দাবি আদায় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।
ট্র্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, এ বন্দরের মাধ্যমে সরকার প্রতি বছর ৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। অথচ বন্দরে পর্যাপ্ত ক্রেন ফর্কলিফট, না থাকায় পণ্য লোড/আনলোড ব্যাহত হচ্ছে দীর্ঘদিন থেকে।
ধর্মঘট চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি এ.কে.এম. আতিকুজ্জামান (সনি), সহ-সভাপতি-১ ইদ্রিস আলী, সহ-সভাপতি-২ মশিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান (সুমন), দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।