বেনাপোল পৌরসভার ভোট গ্রহণ কাল

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ একযুগ পর আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বেনাপোল পৌরসভা নির্বাচন।
নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজনের মধ্যে ভোটযুদ্ধ হবে বলে অভিমত সাধারণ ভোটরদের। অপর স্বতন্ত্র প্রার্থী ন ফারুক হোসেন উজ্জল নীরবে প্রচার-প্রচারণা করছেন। ২০১১ সালের ১ মার্চ বেনাপোল পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল আলম লিটন মেয়র নির্বাচিত হয়েছিলেন ।
বর্তমানে মেয়র প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীকে নাসির উদ্দিন, অপর ২ স্বতন্ত্র মফিজুর রহমান সজন মোবাইল ফোন প্রতীক ও ফারুক হোসেন উজ্জল জগ প্রতীক নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী ১৫ জন ও ৯ টি ওয়ার্ডে কাউন্সিল প্রার্থী ৪৭ জন। বেনাপোল পৌরসভার ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান জানান, ১৭ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৭ জন। পুরুষ ভোটার ১৫ হাজার ১৬২ ও মহিলা ভোটার সংখ্যা ১৫ হাজার ২২৫ জন। ৯টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র ১২টি ।