বেনাপোল ইমিগ্রেশনে বর্তমানে দু মিনিটেই সম্পন্ন হচ্ছে পাসপোর্ট যাত্রীদের আনুষ্ঠানিকতা

0

কামাল হোসেন,বেনাপোল (যশোর) ॥ দালালদের দৌরাত্য বন্ধ ও কর্তৃপক্ষ তৎপর হওয়ায় বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীরা হয়রানি থেকে রেহাই পাচ্ছেন। এখন মাত্র দুই মিনিটেই পাসপোর্ট যাত্রীদের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে পাসপোর্টযাত্রীরা ইমিগ্রেশনে পদে পদে বাধার সম্মুখীন হতেন। ইমিগ্রেশন পুলিশ ডেস্কে থাকা অবস্থায় যাত্রীদের পাসপোর্ট নিয়ে বিনাকারণে সময়ক্ষেপণ করতেন। কিন্তু মাস দুয়েক হলো এই অবস্থা থেকে যাত্রীরা পরিত্রাণ পেয়েছেন।
যাত্রীদের প্রতি পুলিশের সদয় আচরণ, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্যে পৃথক লাইনের ব্যবস্থা, দুই দেশের সরাসরি পরিবহন যাত্রীদের জন্যে আলাদা ইমিগ্রেশন ডেস্ক, ই-পাসপোর্ট যাত্রীদের জন্যে ই-গেইটে সেবা, ইমিগ্রেশন টার্মিনালে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, মুমূর্ষু রোগীদের জন্যে সারারাত ইমিগ্রেশন খোলা এবং মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া সহজ হয়েছে বেনাপোল ইমিগ্রেশনে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমগ্রেশন দিয়ে বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার হাজার পাসপোর্ট যাত্রী গমনাগমন করেন। এইসব যাত্রীর বেনাপোলের ওপাশে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। সেই হিসেবে বাংলাদেশের এপাশে খুবই কম সময়ে সকল প্রকার আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে।
শনিবার ভারত থেকে দেশে আসা পাসপোর্ট যাত্রী আব্দুল জব্বার বলেন, পেট্রাপোল ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা শেষ করতে ১০ মিনিটের বেশি সময় লেগেছে। কিন্তু দেশে ফেরার সময় ইমিগ্রেশনে সময় লেগেছে মাত্র দুই মিনিট। বেনাপোল ইমিগ্রেশনের সুশৃঙ্খল পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। ভারতীয় পাসপোর্ট যাত্রী সৌরভ ঘোষ বাংলাদেশের ইমিগ্রেশনের কার্যকলাপে সন্তুষ্টি প্রকাশ করেন।
বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে একশ্রেণির দালাল দূর-দূরান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের নানাভাবে হয়রানি করে আসছিল। সিরিয়াল ছাড়া তাদের পাসপোর্টের কাজ তাড়াতাড়ি করে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি। কিন্তু সম্প্রতি কড়াকড়ি করায় ওইসব দালালদের দৌরাত্ম্য একেবারেই নেই বললে চলে।
এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহসানুল কাদের ভূঞা বলেন, বর্তমানে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৪ থেকে সাড়ে ৪ হাজার যাত্রী যাতায়াত করছেন। যাত্রীদের সেবার মান বাড়াতে ইমিগ্রেশনে সেবার মান বাড়াতে নানামুখি কর্মকা- পরিচালিত হচ্ছে। যাত্রীরা এখন হয়রানি ও ঝামেলামুক্ত পরিবেশে সিরিয়ালে দাঁড়িয়ে নিজেরাই তাদের কাজ সেরে নিতে পারছেন।