বেনাপোলে ফেনসিডিল ও ১৩ লাখ টাকাসহ চোরাকারবারি আটক

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥ যশোরের বেনাপোলের একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১৩ লাখ ৫৮ হাজার টাকা, ১৯৯ বোতল ফেনসিডিলসহ আলমগীর হোসেন (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গেল মঙ্গলবার রাত ১০ টার দিকে বেনাপোলের বলফিল্ড এলাকায় আলমগীর হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়। আটক আলমগীর বেনাপোল পুটখালি গ্রামের নজরুল ইসলামের ছেলে। সম্প্রতি এক কোটি টাকা দিয়ে ওই বাড়ি কিনে সেখানে বসবাস করে মাদকের ব্যবসা করে আসছিলেন তিনি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, বেনাপোল পোর্ট থানার বলফিল্ড সংলগ্ন বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারের পেছনে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে মাদকদ্রব্য লুকায়িত অবস্থায় রেখেছে এমন গোপন সংবাদ আসে। এর ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে বেনাপোল বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহলদল সেখানে উপস্থিত হলে আলমগীর হোসেন দৌঁড়ে পলানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। বিজিবি’র জিজ্ঞাসাবাদে তিনি সোনা ও মাদক পাচারের সাথে জড়িত এবং তার বাড়িতে ফেনসিডিল আছে বলে স্বীকার করেন। পরে তার বাড়ি তল্লাশ করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৯৯ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১৩ লাখ ৫৮ হাজার ৫৩৫ টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত নগদ টাকা ও মাদকের সর্বমোট সিজার মূল্য ১৪ লাখ ৩৮ হাজার ১৩৫ টাকা। আটক ব্যক্তি, নগদ টাকা ও মাদক বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।