বেনাপোলের সুমন হত্যায় জড়িত সোহেলসহ ৫ জনকে এখনো আটক করতে পারেনি ডিবি

0

স্টাফ রিপোর্টার ॥ বেনাপোলে চোরাচালানের স্বর্ণ বহনকারী ওমর ফারুক সুমন হত্যায় জড়িত সিন্ডিকেটের হোতা সোহেলসহ অভিযুক্ত ৫ জনকে এখনো আটক করতে পারেনি ডিবি পুলিশ। সোহেল শার্শা উপজেলা যুবলীগের আহ্বায়ক সোহরাব হোসেনের ভাই। ঘটনার পর থেকেই সোহেলসহ ৫ জন পলাতক রয়েছেন। অবশ্য ইতোমধ্যে ডিবি পুলিশের হাতে ওমর ফারুক সুমন হত্যা মামলার প্রধান আসামি শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ও বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেনসহ ৮ জন আটক হয়েছেন।
বহনকারী ওমর ফারুক সুমনের কাছ থেকে ৩ কেজি ওজনের সোনার ৩৫টি বার খোয়া যাওয়ায় তিনি আত্মসাৎ করেছেন বলে সন্দেহ করেন চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা। পরবর্তীতে তাকে বেনাপোলের গাজীপুরের জনৈক শাহাবুদ্দিনের বাড়িতে নিয়ে নির্মম নির্যাতন চালানো হয়। নির্যাতনের কারণে ওমর ফারুক সুমনের মৃত্যু হলে সোনা চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা তার লাশ মাগুরার রামনগরে সড়কের পাশের ঝোপের ভেতর ফেলে আসেন। গত ১৬ নভেম্বর দুপুরে সেখান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বেনাপোল পোর্ট থানায় মামলা করলে ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে প্রধান আসামি শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনসহ ৮ জনকে আটক করে। এদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দি থেকে এবং ডিবি পুলিশের তদন্তে সোনা চোরাচালান সিন্ডিকেটের হোতা শার্শা উপজেলা যুবলীগের আহ্বায়ক সোহেল বলে প্রকাশ পায় এবং তিনিও এই হত্যার সাথে জড়িত।
এদিকে হত্যার সাথে জড়িত ৮ জন ধরা পড়লেও সিন্ডিকেটের হোতা সোহেলসহ অভিযুক্ত ৫ জনকে এখনো আটক করতে পারেনি ডিবি পুলিশ। হত্যার সাথে জড়িত পলাতক অপর ৪ জন হলেন, তরিকুল, পলাশ, রাব্বি ও প্রাইভেটকারচালক চঞ্চল।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেন জানান, সোহেলসহ পলাতক অন্য আসামিদের আটকের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।