বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

0
বগুড়ার শিবগঞ্জে এক শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি।। ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে সড়ক অতিক্রম করতে যাওয়া এক শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এই ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী এবং ওই নারী উভয়ই আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে সরকারি সফরে যাচ্ছিলেন। যাত্রাপথে তাঁর সঙ্গে গাড়িতে তাঁর স্ত্রীও অবস্থান করছিলেন। সকাল ৯টার দিকে প্রতিমন্ত্রীর বহরটি বগুড়ার শিবগঞ্জের গোপীনাথপুর এলাকায় পৌঁছায়।

ঠিক সে সময় ফিরোজা (৬০) নামের এক শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধা নারী অসাবধানতাবশত প্রতিমন্ত্রীর চলন্ত গাড়ির একদম সামনে চলে আসেন। তাৎক্ষণিকভাবে তাঁকে বাঁচানোর চেষ্টায় প্রতিমন্ত্রীর গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে থাকা একটি ধানখেতে নামিয়ে দেন।

দুর্ঘটনার সাথে সাথে স্থানীয়রা ও সফরসঙ্গীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রাথমিক চিকিৎসায় দেখা যায়, প্রতিমন্ত্রীর শরীরে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি জয়পুরহাটে নিজ বাসভবনে ফিরে যান। তাঁর সঙ্গে থাকা স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় কিছুটা আহত হয়েছেন গোপীনাথপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধা ফিরোজা। দুর্ঘটনার পরপরই তাঁকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, প্রবীণ ওই শ্রবণপ্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি ধানখেতে নেমে যায়। এতে নারীটি সামান্য আহত হলেও প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন এবং বর্তমানে সুস্থ আছেন।