বিশ্বকাপ খেলতে পারবেন তো মার্তিনেজ? চোট কতটা গুরুতর আর্জেন্টাইন গোলরক্ষকের

0
ভাঙা আঙুলে দুটি সেভ, ইউরোপা লিগ জয় — এবার বিশ্বকাপের আগে মার্তিনেজের ফিটনেস পরীক্ষাই মূল চিন্তা ।। ছবি: সংগৃহীত

ইউরোপা লিগের ফাইনালে ইস্তাম্বুলে ফ্রেইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। তবে এই আনন্দময় রাতে আর্জেন্টিনা শিবিরে তৈরি হয়েছে বাড়তি উদ্বেগ। কারণ, ফাইনাল শুরুর আগেই ওয়ার্ম-আপে আঙুল ভেঙে যায় দলের আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। চোটের পরও পুরো ম্যাচ খেলে দুটি গুরুত্বপূর্ণ সেভ করেছেন ৩৩ বছর বয়সী এই গোলকিপার। এখন তার ফিটনেস নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে।

ম্যাচ শেষে মার্তিনেজ নিজেই জানান, ভাঙা আঙুল নিয়েই তিনি পুরো ফাইনাল খেলেছেন। তিনি বলেন, “আজ ওয়ার্ম-আপে আমার আঙুল ভেঙে গেছে। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। বল ধরলেই অন্যদিকে সরে যাচ্ছিল। কিন্তু এসবের মধ্য দিয়েই খেলতে হয়।” চোটের পর ফিজিওর চিকিৎসা নিয়েই মাঠে নামেন তিনি।

লড়াকু মনোভাবের প্রকাশ ঘটিয়ে মার্তিনেজ আরও বলেন, “খারাপ কিছু অনেক সময় ভালো কিছু নিয়ে আসে। পুরো ক্যারিয়ারজুড়ে আমি এভাবেই লড়েছি।”

তবে এই মানসিক দৃঢ়তার বাইরে চিকিৎসাগত বাস্তবতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হাড়ের চোট। যদিও তিনি ম্যাচ শেষ করতে পেরেছেন, তবু বিস্তারিত মেডিক্যাল পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।

বিশ্বকাপ এখন আর বেশি দূরে নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের শিরোপা অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মার্তিনেজ এখনো দলের সবচেয়ে নির্ভরযোগ্য নামগুলোর একটি। ফলে তার চোটের গভীরতা ও সুস্থতার সময়সীমা নিয়ে আর্জেন্টিনার সমর্থক ও টিম ম্যানেজমেন্ট — উভয়েরই উদ্বেগ এখন স্বাভাবিক।