যশোরে বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার,লোকসমাজ : যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছে গ্রীষ্মকালীন রাষ্ট্র্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন)-২০২৬। বৃহস্পতিবার সকালে বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনীর ৮৮তম বাফা কোর্স, ডিই-২০২৬বি এবং এসপিএসএসসি-২০২৬বি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। ৮৮তম বাফা কোর্সে প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট তাহসিন আহম্মেদ কোরাইশী “সোর্ড অব অনার” অর্জন করেন। উড্ডয়ন প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য অফিসার ক্যাডেট আদনান হক লাভ করেন “বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি”। এছাড়া জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট মোহাম্মদ আনান চৌধুরী “কমান্ড্যান্টস ট্রফি” লাভ করেন। একই সঙ্গে ৮৮তম বাফা কোর্সের (গ্রাউন্ড ব্রাঞ্চ) শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবেও তিনি “বিমান বাহিনী প্রধানের ট্রফি” অর্জন করেন। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি মুক্তিযুদ্ধে অটল মনোবল সৃষ্টিকারী অকুতোভয় ও দুঃসাহসিক আকাশ যুদ্ধ পরিচালনাকারী কিলো ফ্লাইটের সদস্যদের অবদানের কথাও তুলে ধরেন। বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে একটি আধুনিক ও সুসংগঠিত বাহিনীতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, আকাশসীমা রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজেও বিমান বাহিনী ভূমিকা রেখে চলেছে। একই সাথে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক গঠিত টার্স্কফোর্স বিমানবন্দরের পেশাদারিত্ব সাহসিকতা ও সততার সাথে দায়িত্ব পালন করছে। এছাড়াও বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে চলমান প্রচেষ্টা সমুহের উপর আলোকপাত করেন। এ কুচকাওয়াজের মাধ্যমে ৫ জন নারী অফিসার ক্যাডেটসহ মোট ৪১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। আনুষ্ঠানিক কুচকাওয়াজে নেতৃত্ব দেন একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তাহসিন আহম্মেদ কোরাইশী। অনুষ্ঠান শেষে বিমান বাহিনীর বিভিন্ন বিমানের ফ্লাইপাস্ট, আকাশীয় অ্যারোবেটিক ডিসপ্লে এবং প্যারাট্রুপারদের প্যারা জাম্পিং প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনৈতিক মিশনের সদস্য, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।