যশোরে প্রতিবন্ধী শিশু- যুবকদের অন্তর্ভুক্তিমূলক সচেতনতামূলক সভা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ফতেপুর এবং চাঁচড়া ইউনিয়ন পরিষদ হলরুমে প্রতিবন্ধী শিশু ও যুবকদের স্থানীয় সরকার সেবায় অন্তর্ভুক্তি ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‘ম্যাপ ইন সিবিআর প্রকল্পের আওতায় আয়োজিত এ সভার অর্থায়ন করে লিলিয়ান ফন্ডস, সহযোগিতা করে সিডিডি এবং বাস্তবায়ন করে বাঁচতে শেখা। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সমাজকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশু ও যুবকদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানের মতো মৌলিক সেবাগুলোতে তাদের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রতিবন্ধী শিশু ও যুবকদের অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক তথ্যপত্র বিতরণ করা হয়।