শিক্ষার্থীদের খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না, খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে হবে। এর মাধ্যমে তারা বিশ্বের মাঝে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে। শিক্ষক এবং অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষা ও প্রাথমিক শিক্ষার প্রসারে যুগান্তকারী অবদান রেখেছিলেন। তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগে শতকরা ৬০ ভাগ নারীদের জন্য কোটা চালু করেছিলেন।

দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা গ্রহণে সুযোগ করে দিয়েছিলেন। শিশুদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাংষ্কৃতি চর্চা, খেলাধুলায় সম্পৃক্ত এবং দেশের গৌরব উজ্জ্বল ইতিহাস জানার সুযোগ করে দিতে হবে। তাদের মেধাকে বিকশিত করার জন্য স্কুলে বিতর্ক প্রতিযোগিতা চালু করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহরাব হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জি এম আলমগীর কবির, সহকারী শিক্ষা অফিসার শেখ আব্দুল গনি, সদর উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল।

উপস্থিত ছিলেন, যশোর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ শাহজাহান আলী খোকন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল প্রমুখ।