চুয়াডাঙ্গায় কাঁধিসহ ৫ লাখ টাকার কলার ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গা সদর উপজেলার কাঁথুলি গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের দেড় বিঘা জমির ফলন্ত কলাবাগানের কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কৃষকের ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরজমিনে দেখা যায়, সদর উপজেলার কাঁথুলি গ্রামের কৃষক রজব আলী তার ভিটের মাঠের দেড় বিঘা জমিতে কলারবাগান গড়ে তুলেছিলেন। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে ওঠা বাগানের কলা বিক্রির কথা ছিল বৃহস্পতিবার (২১ মে)। মঙ্গলবার (১৯ মে) স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দরদামও চূড়ান্ত হয়। নগদ টাকা পরিশোধ করে কলা কেটে নেওয়ার কথা ছিল।

ছবি: সংগৃহীত।

কিন্তু কলা বাগানে গিয়ে কৃষক রজব আলী দেখেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা তার বাগানের সব ফলন্ত কলাগাছের কান্দি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নষ্ট করে রেখে গেছে। এতে মুহূর্তেই তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।

ভুক্তভোগী কৃষক রজব আলী বলেন, অনেক কষ্ট করে বাগান করেছি। ব্যবসায়ীদের সঙ্গে বিক্রির কথাও ঠিক হয়েছিল। কিন্তু কারা যেন শত্রুতার জেরে রাতের অন্ধকারে সব কলা কেটে নষ্ট করে দিয়েছে। আমি সর্বস্বান্ত হয়ে গিয়েছি।

তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় গ্রামবাসীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, একজন কৃষকের বছরের পরিশ্রম এভাবে নষ্ট করা অমানবিক কাজ। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ভুক্তভোগী কৃষক লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।