বিল আদায়ে নজীরবিহীন কাণ্ড ওজোপাডিকো’র

0

স্টাফ রিপোর্টার ॥ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড(ওজোপাডিকো)যশোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর বকেয়া বিল আদায়ে নজীরবিহীন কাণ্ড ঘটিয়েছে। গ্রাহকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ১৬ বছর পর এক মাসের বকেয়া বিল দেখিয়ে আদায় করেছে ১৪ হাজার টাকা। কোম্পানির নাম পরিবর্তন এবং গ্রাহকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার দীর্ঘ এত বছর পর এসে তার পিতার নামীয় আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি প্রায় নব্বোর্দ্ধ পিতার নামে আদালত থেকে সমন জারি করা হয়েছে। তবে এ ব্যাপারে ওজোপাডিকোর কর্মকর্তারা কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা আশফাকুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে পিতা রফিকুর রহমানের নামে সংযোগ বিচ্ছিনসহ আদলত সমন জারি করে। আশফাকুর রহমান জানান, ২৫০ শয্যা হাসপাতালের সামনে পৌরসভার নিজস্ব জায়গায় তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ ২০০৬ সালের মাঝামাঝি সময়ে সম্পত্তি অধীগ্রহণ করে নেওয়ার পর থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তার সকল বিদ্যুৎ বিল পরিশোধ ছিল। তখন প্রতি মাসে তার ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল ২০০ থেকে সর্বোচ্চ ২৫০ টাকা। পরে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর পিতা রফিকুর রহমানকে ২০০৬ সালের আগস্ট মাসের ১৪ হাজার ২২৭ টাকা বকেয়া বিল দেখিয়ে সেটি পরিশোধের জন্য ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী নোটিশ প্রদান করেন। বিলটি ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার নির্দেশ দেয়া হয়, অন্যথায় ৩ অক্টোবর তার আবাসিক ভবনের দুটি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করাসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হবে বলা হয় ওই নোটিশে। গেল ১৮ অক্টোবর বিদ্যুৎ আদালত যশোরের বিচারক ( যুগ্ম জেলা ও দায়রা জজ) আয়েশা আক্তার মৌসুমী স্বাক্ষরিত একটি সমন পাঠানো হয় রফিকুর রহমানের নামে। এদিকে নোটিশ ও সমনে একই ব্যক্তিকে দুই নামে চিহ্নিত করা হয়েছে। এই নোটিশে তার নাম দেওয়া হয়েছে রফিকুল ইসলাম তোতন এবং সমনে রফিকুর রহমান বলে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ গেল ২ নভেম্বর আজব বিল পরিশোধ করেন ভুক্তোভোগী আশফাকুর রহমান । এদিকে  বুধবার এই প্রতিবেদক বিষয়টি নিয়ে কথা বলতে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে যান। তবে তিনি কার্যালয়ে না থাকায় সহকারী-প্রকৌশলী মজিরুল ইসলাম এ ব্যাপারে কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেন নি। তিনি বলেন ওপর মহল ছাড়া এ ব্যাপারে আমরা বিছু বলতে পারব না।