সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২

0
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান ও ডাকাতি চেষ্টায় আটক দুই ব্যক্তি

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার সময় দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৪ মে ভোর ৪টার দিকে খুলনার দাকোপ থানাধীন ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অবস্থিত সুন্দরী ইকো রিসোর্টে একদল দুষ্কৃতিকারী পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করে। তথ্য পাওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে কোস্ট গার্ড বেইস মোংলা ৪ মে বিকেল ৫টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতি চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। তারা হলেন—রাজন সরদার (২৫) এবং রতন সরদার (১৪)। আটক দুইজনই খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করেছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।