বিদ্যালয়ের ছাদ বাগানে আকৃষ্ট এলাকাবাসী

0

মজনুর রহমান,মনিরামপুর (যশোর) ॥ ছাদে কৃষি খামার করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যশোরের মনিরামপুর উপজেলার চন্ডিপুর পুর মাধ্যমিক বিদ্যালয় । দোতলার ছাদে টবে ১৮ প্রকার ফলদ গাছ রোপণ করা হয়েছে। রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করা হয় জৈব সার। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের যৌথ পরিচর্যায় ইতোমধ্যে এ খামারে থোকায় থোকায় ঝুলছে চায়না কমলা ও মাল্টা লেবু। অপরদিকে বিদ্যালয় ভবনের চারপাশে গাঁধা, গোলাপ, পাতাবাহারসহ নানা প্রজাতির ফুল গাছ দিয়ে তৈরি করা হয়েছে সবুজ বেষ্টনি। যা সহজেই মানুষের হৃদয় আকৃষ্ট করবে।
মনিরামপুর উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার পশ্চিমে রাজগঞ্জ প্রধান সড়কের পাশে চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৬৬ সালে। উপজেলার হাতেগোনা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়টি অন্যতম। দূর থেকে তাকালেই দেখা যায় সবুজ বেষ্টনির মধ্যে সাদা রঙে উজ্জ্বল একটি ভবন দাঁড়িয়ে রয়েছে। আবার ওপরের দিকে তাকালে দেখা যাবে ছাদের ওপর গাছে থোকায় থোকায় ঝুলছে হরেক রকম ফল।
প্রধান শিক্ষক কৃঞ্চ চন্দ্র ঘোষ জানান, শিক্ষকমন্ডলীর প্রস্তাবনায় এবং ম্যানেজিং কমিটির সহযোগিতায় ২০১৯ সালে উদ্যোগ নেওয়া হয় বিদ্যালয়ের ছাদে কৃষি খামার করার।
আর এ জন্য তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু এবং শিক্ষক মন্ডলীর যৌথ অর্থায়নে তৈরিকৃত কৃষি খামারে টবে রোপণ করা হয় চায়না কমলা, দার্জিলিং কমলা, হাইব্রিড মাল্টা লেবু, দেশি কাগুজে লেবু, পেয়ারা, তেঁতুল, ছফেদা, থাই বেল, হাইব্রিড কাঁঠালসহ মোট ১৮ প্রজাতির শতাধিক বিভিন্ন ফলদ গাছ।
কৃষি শিক্ষক শামছুর রহমান জানান, কোনপ্রকার রাসায়নিক সার ছাড়াই ব্যবহার করা হয়েছে জৈব সার। রোপণের পর সঠিকভাবে পরিচর্যা করায় এক বছরের মাথায় ফলন হয় চায়না কমলা, দার্জিলিং কমলা, মাল্টা ও বাতাবি লেবু। সব চেয়ে চায়না ও দার্জিলিং কমলার ফলন হয়েছে ঈর্ষান্বিত ভাবে। কোন গাছের কমলা হলুদ, আবার কোন গাছের কমলা গাঢ় সবুজ রংয়ের। থোকায় থোকায় ঝুলছে এসব কমলা।
অন্যদিকে খামারে নতুন করে ফলন দেখা দিয়েছে হাইব্রিড মাল্টা ও দেশি কাগুজে লেবুর।
গণিত শিক্ষক বিবেকান্দ বিশ্বাস জানান, শিক্ষক-শিক্ষার্থীরা মিলেমিশে এ খামারের পরিচর্যা করা হয়। কথা হয় দশম শ্রেণির শিক্ষার্থী সম্পা দাস ও ফুয়াদ হাসানের সাথে। তারা জানান, শিক্ষকদের পাশাপাশি নিয়মিত পরিচর্যা করতে তাদের বেশ কষ্ট হয়। কিন্তু যখন থোকায় থোকায় ফল হয় তখন তারা সব কষ্ট ভুলে আনন্দে উদভাসিত হয়। চতুর্থ শ্রেণির কর্মচারী তুহিন হোসেন, রেক্সোনা খাতুন ও সুমন আহমেদ জানান, বিদ্যালয়ের কোন অতিথি আসলে তাকে ওই লেবু দিয়ে আপ্যায়ন করা হয়। আবার সহকারী শিক্ষক কামরুজ্জামান ও তাছলিমা খাতুন জানান, মাঝে মধ্যে খামারের ওই লেবু শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে বন্টনও করা হয়।
অপরদিকে বিদ্যালয় ভবনের চারপাশে গাঁধা, গোলাপ, পাতাবাহারসহ নানা প্রজাতির ফুল গাছ দিয়ে তৈরি করা হয়েছে সবুজ বেষ্টনি। যা সহজেই মানুষের হৃদয় আকৃষ্ট করবে। ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও ইউপি চেয়াম্যান শামছুল হক মন্টু জানান, বিদ্যালয়ের ছাদে কৃষি খামারটি করতে তার পরিষদ থেকে এলজিএসপি প্রকল্পের আওতায় দুই লাখ টাকা বরাদ্দ করা হয়। প্রধান শিক্ষক কৃঞ্চ চন্দ্র ঘোষ জানান, খামারটি করতে খরচ হয়েছে আড়াই লাখ টাকা। বাকি টাকা শিক্ষকরা দিয়েছেন। বিদ্যালয় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার জানান, ইচ্ছা থাকলেই প্রতিটি প্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব।